চুরির অভিযোগে পাঁচজনকে গণধোলাই
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় গতকাল শনিবার পশু চুরির অভিযোগে পাঁচজনকে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা৷ তাঁদের কাছ থেকে তিনটি করে মহিষ ও গরু উদ্ধার করা হয়েছে৷
আটক ব্যক্তিরা হলেন ভৈরব উপজেলার নয়াহাটি গ্রামের রুবেল (২৫) ও মিঠুমিয়া (২৫), ইটনার মুদিরগাঁও গ্রামের কাজল মিয়া (২৫), কিশোরগঞ্জের কাতিয়ারচর গ্রামের মাসুদ (২৮) ও আজমিরিগঞ্জের কামারপুর গ্রামের কামাল হোসেন (২৬)।
গরুর মালিক ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোরে উপজেলার ঘোড়াউত্রা নদী দিয়ে ট্রলারযোগে একদল চোর ওই গরু-মহিষ নিয়ে যাচ্ছিল । ঘটনাটি মিঠামইন থানায় জানানো হয়৷ মিঠামইন থানা বিষয়টি নিকলী থানাকে জানায়। নিকলীর ছাতিরচর ইউনিয়নের চকিদারেরা কয়েকজনকে নিয়ে নৌকায় করে ওত পেতে থাকেন। চোরের ট্রলারটি কাছাকাছি আসামাত্র ঘিরে ফেলা হয়৷ এটি থেকে পাঁচজনকে ওই গরু, মহিষসহ আটক করা হয়৷ এ সময় গ্রামবাসী তাঁদের পিটুনি দেন। পরে তাঁদের নিকলী থানায় সোপর্দ করা হয়।
মিঠামইন থানার ওসি নাছির উদ্দিন জানান, এ ব্যাপারে রউফ মিয়া বাদী হয়ে থানায় একটি চুরির মামলা করেছেন। নিকলী থানার ওসি মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷