চুরির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বিক্ষোভে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইছাপুরা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষককে চুরির অভিযোগে গতকাল শনিবার পুলিশ গ্রেপ্তার করে। এর প্রতিবাদে কয়েক শ শিক্ষার্থী থানা ঘেরাও করে। পরে পুলিশ ওই শিক্ষককে ছেড়ে দিতে বাধ্য হয়।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিদ্যালয়ের পাঁচটি কম্পিউটার চুরি হয়। এ ঘটনায় বিদ্যালয়ের নৈশপ্রহরী সিরাজ মিয়া (৬০) খণ্ডকালীন শিক্ষক মোস্তাক মাহমুদকে (৪২) আসামি করে শুক্রবার মামলা করেন। পুলিশ গতকাল সকাল ১০টার দিকে বিদ্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সিরাজদিখান থানা ঘেরাও করে। তারা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত থানা ঘেরাও করে ওই শিক্ষকের মুক্তির দাবিতে বিক্ষোভ করে।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, শিক্ষক মোস্তাক মাহমুদ চুরি করতে পারেন না। প্রধান শিক্ষকের প্ররোচনায় চুরির অপবাদ দিয়ে তাঁকে গ্রেপ্তার করানো হয়। প্রধান শিক্ষকের সঙ্গে তাঁর ব্যক্তিগত বিরোধ রয়েছে।
প্রধান শিক্ষক নাসির উদ্দিন বলেন, ‘ওই রাতে মুখোশধারী পাঁচজন নৈশপ্রহরী সিরাজ মিয়ার হাত-পা ও মুখ বেঁধে কম্পিউটার চুরি করে। চোরদের মধ্যে মোস্তাক মাহমুদকেও সিরাজ দেখেছে। তাই সিরাজকে দিয়ে মামলা করানো হয়েছে। মোস্তাক মাহমুদকে এক সপ্তাহ আগে চাকরি থেকে বাদ দেওয়া হয়। তাঁর সঙ্গে আমার কোনো বিরোধ ছিল না। এ অভিযোগ মিথ্যা।’
সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান বলেন, ‘ছাত্রছাত্রীদের বিক্ষোভের কারণে ও বিদ্যালয়ের পড়াশোনার কথা ভেবে ওই শিক্ষককে ছেড়ে দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে ওই শিক্ষকের বিরোধ থাকার বিষয়টি শুনেছি। এটিও তদন্ত করে দেখা হচ্ছে।’