চুরির অভিযোগ এনে হাত-পা বেঁধে যুবককে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলায় গরু চুরির অভিযোগ এনে গত সোমবার রাতে হাছেন আলী (২৮) নামের এক যুবককে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ভোরে পুলিশ তাঁকে উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, পীরগাছার কান্দি ইউনিয়নের পাঠক শিকড় গ্রামের নছিব উদ্দিনের ছেলে হাছেন আলী সোমবার সন্ধ্যায় পাশের গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হাতীবান্ধা গ্রামে শ্বশুরবাড়িতে যান। রাতে তিনি বাড়ি ফিরছিলেন। রাত আটটার দিকে তিনি ইছলার হাট-জামালের হাট সড়কের মধ্যবর্তী স্থানে পৌঁছালে কৈকুড়ী মধ্যপাড়া গ্রামের সুজা মিয়া, হাফিজার রহমানসহ পাঁচ-সাতজন গরু চুরির অভিযোগ এনে তাঁকে আটক করেন। তাঁরা মোটরসাইকেলে করে হাছেনকে অজ্ঞাত স্থানে নিয়ে নির্যাতন চালান। পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে গতকাল ভোর চারটার দিকে একটি ধানখেত থেকে হাছেনকে উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন।