চুরির অভিযোগে কিশোর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বকশিরহাটের একটি অলংকারের দোকান থেকে ১৩৫ ভরি ওজনের স্বর্ণালংকার ও সাত লক্ষাধিক টাকা চুরির অভিযোগে ওই দোকানের এক কিশোর কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে ১৩৩ ভরি ওজনের স্বর্ণালংকার ও ছয় লাখ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া কিশোরের নাম মো. রেজাউল করিম (১৬)। তার বাড়ি সাতকানিয়া উপজেলার আজিমপুর এলাকায়।পুলিশ জানিয়েছে, তিন মাস আগে রেজাউল বকশিরহাটের খাজা জুয়েলার্সে চাকরি নেয়। দোকানে চুরি হওয়ার পর গত শনিবার পুলিশ তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে সে দোষ স্বীকার করে। স্বীকারোক্তিতে দেওয়া তথ্য অনুযায়ী গত রোববার তার গ্রামের বাড়ি থেকে স্বর্ণালংকার ও টাকা উদ্ধার করা হয়।পুলিশের হাতে গ্রেপ্তার অবস্থায় রেজাউল প্রথম আলোকে বলে, ‘লোভে পড়ে আমি চুরি করেছি।’ এরপর সে চুরির ঘটনার বর্ণনা দেয়।রেজাউল জানায়, গত শুক্রবার দোকান বন্ধ থাকায় সকালে সে কৌশলে ব্যবস্থাপক নিজাম উদ্দিনের বাসা থেকে চাবি এনে দোকানে ঢোকে। সে শোকেসে সাজিয়ে রাখা মোট ১৩৫ ভরি ওজনের হার, চুড়ি, ব্রেসলেট, লকেট ইত্যাদি একটি ব্যাগে ভরে। এরপর ক্যাশবাক্সে থাকা সাত লাখ ২০ হাজার টাকা নিয়ে দোকান বন্ধ করে। পরে চাবিটি কৌশলে আবার ব্যবস্থাপকের বাসায় রেখে আসে। সেদিন সকালেই সে স্বর্ণালংকার ও টাকা তার গ্রামের বাড়িতে রেখে আসে।পুলিশের উপপরিদর্শক (এসআই) নেজাম উদ্দিন বলেন, ঘটনার পরদিন শনিবার দোকান খোলার পর চুরির বিষয়টি জানাজানি হলে পুলিশে খবর দেওয়া হয়। এ সময় রেজাউল স্বাভাবিক আচরণ করছিল। পরে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে সে চুরির কথা স্বীকার করে।চুরির ঘটনায় শনিবার খাজা জুয়েলার্সের মালিক মাহবুবুল আলম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।উপপুলিশ কমিশনার (উত্তর) আমেনা বেগম বলেন, ‘কিছু কিছু কিশোর রয়েছে, তাদের মধ্যে লোভ কাজ করে। তাই চুরির প্রবণতা ছোটবেলা থেকেই দেখা যায়। রেজাউল ঠিক ওই রকম। তার বিচার হবে কিশোর আদালতের মাধ্যমে।’