চুরির অভিযোগে কিশোরকে মারধর, পাল্টাপাল্টি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার কাজীরবেড় গ্রামে গত রোববার রাতে মুঠোফোন চুরির অভিযোগ এনে কোরবান আলী নামের (১৭) এক কিশোরকে মারধর করা হয়েছে। পুলিশ কোরবানকে আহত অবস্থায় উদ্ধার করে। তাকে ২৫০ শয্যার যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।আহত কোরবান বলে, ‘ঘটনার দিন সন্ধ্যায় নজরুল ইসলাম এবং তাঁর ভাইপো অপু ও তপু শার্শার নাভারন মোড় থেকে মাইক্রোবাসে করে আমাকে তুলে কাজীরবেড় গ্রামের সিরাজুল ইসলামের দোতলা বাড়িতে নিয়ে শিকল দিয়ে বেঁধে লোহার পাইপ দিয়ে পেটায় এবং মুঠোফোন চুরির দায় স্বীকার করতে বাধ্য করে। পরে শার্শা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ওয়াসিম কুমার রায় ঘটনাস্থলে গিয়ে আমাকে উদ্ধার করেন।’মারধরের ঘটনা স্বীকার করে রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কোরবানকে কিছুটা মারধর করা হয়েছে সত্য। তবে শেকল নয়, দড়ি দিয়ে বেঁধে। লোহার পাইপ দিয়ে নয় লাঠি দিয়ে।’ তিনি জানান, মুঠোফোন চুরির অভিযোগে এর আগে কোরবানের বিরুদ্ধে গ্রামে সালিস হয়েছে। চুরির বিষয়টি প্রমাণিত হওয়ায় সেখানে তাকে মারধর করা হয়। কোরবানের কাছ থেকে চুরি যাওয়া তিনটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে বলে তিনি দাবি করেন।ছেলেকে মারধরের ঘটনায় কোরবানের মা শেফালী বেগম শার্শা থানায় একটি মামলা করেন। মামলায় সিরাজুল ইসলাম, তাঁর ছেলে তপু, দুই ভাই নজরুল ইসলাম ও রবিউল ইসলাম এবং রবিউল ইসলামের ছেলে অপুকে আসামি করা হয়। এদিকে সিরাজুল ইসলামের বোন নাসিমা খাতুন মুঠোফোন চুরির অভিযোগে কোরবান আলীকে আসামি করে পাল্টা মামলা করেন।এ ব্যাপারে শার্শা থানার এএসআই ওয়াসিম কুমার রায় বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে দেখি পাঁচ থেকে ছয়জন লোক কোরবানকে ঘিরে আছে। তাকে মারধরের ঘটনা সত্য। রাতেই কোরবানকে উদ্ধার করা হয়।’