চুরির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর সরকারি উচ্চবিদ্যালয় ভবনের দরজা-জানালার প্রায় ২০০ কিলোগ্রাম লোহা চুরি করে বিক্রির অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেনসহ দুজন গ্রেপ্তার হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকালে পুলিশ অভিযান চালিয়ে ভাঙারি মালামাল ব্যবসায়ী জাকির হোসেনকে বিদ্যালয়ের দরজা-জানালার গ্রিল, রডসহ বিভিন্ন লোহার মালামাল ভ্যান গাড়ি ভরে নেওয়ার সময় আটক করে। পরে তাঁর কথামতো বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেনকে আটক করা হয়।জাকির হোসেন জানান, প্রধান শিক্ষক আলমগীর হোসেন ও শিক্ষক নিজাম উদ্দিন তাঁর কাছে গত শুক্রবার ২৬ টাকা কেজি দরে ২০০ কেজি লোহার মালামাল বিক্রি করেন। এর আগেও তাঁরা ১৫০ কেজি লোহার মালামাল বিক্রি করেছেন।তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. রশীদ ভুঁইয়া বলেন, বিদ্যালয়ের পরিত্যক্ত লোহার মালামাল গোপনে বিক্রি করছিলেন প্রধান শিক্ষক। তিনি সরকারি মালামাল বিক্রির বৈধ কাগজপত্র দেখাতে পারেননি বলে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার স্থানীয় নজরুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। দুজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন, ‘পরিত্যক্ত লোহাগুলো জং পড়ে নষ্ট হচ্ছিল। বিষয়টি একাধিকবার ওপরে জানানো হয়েছে। তারা কোনো ব্যবস্থা নেয়নি। এ জন্য বিক্রি করেছি। এতে চুরির কোনো উদ্দেশ্য ছিল না।’