নওগাঁর রানীনগর উপজেলায় চুরির অপবাদ দিয়ে শফিকুল ইসলাম (১২) নামের এক শিশুকে দুই দিন ধরে গোয়ালঘরে আটক রেখে অমানুষিক নির্যাতন করার অভিযোগ উঠেছে। নির্যাতনকারীরা তার পা ও হাতের নখের ভেতরে সুচ ঢোকান ও হাত-পা দড়ি দিয়ে বেঁধে বেধড়ক পেটান। এ ঘটনায় শফিকুলের মা আয়শা বেগম বাদী হয়ে গত শনিবার থানায় মামলা করেন।
এ ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে আবদুল খালেক নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শফিকুলের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালীগ্রাম ইউনিয়নের মুন্সিপুর গ্রামেরখালেকের বাড়িতে ১৫ দিন আগে টাকাসহ সোনার গয়না চুরি হয়। পরে খালেক ও তাঁর লোকজন একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে শফিকুলকে এই চুরির সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপবাদ দিয়ে গত শুক্রবার বিকেলে তাকে (শফিকুল) বাড়ি থেকে তুলে নিয়ে আসেন। পরে শফিকুলকে খালেকের বাড়ির গোয়ালঘরে আটক রেখে হাত-পা বেঁধে এলোপাতাড়ি লাঠিপেটা করা হয়। একপর্যায়ে শফিকুল জ্ঞান হারিয়ে ফেলে। পরে তার হাতে-পায়ে সুচ ঢুকিয়ে দফায় দফায় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালান খালেক ও তাঁর সহযোগী মিজানুর, জিয়া ও টিপু। আয়শা বিষয়টি জানতে পেরে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে খালেকসহ নির্যাতনকারীদের কাছে তাঁর ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য বারবার অনুরোধ করেও ব্যর্থ হন। পরে তিনি বিষয়টি ওই দিন রাতেই রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমানকে জানান। ওসি মোস্তাফিজুর রাতেই ঘটনাস্থলে উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমানকেপাঠিয়ে দেন। কিন্তু শফিকুর সেখানে গিয়ে শফিকুলকে উদ্ধার না করে থানায় ফিরে আসেন। এরপর শনিবার দিনভর আবারও চলে ওই শিশুর ওপর নির্যাতন। পরে শনিবার রাতে আয়শা পুনরায় থানায় যান ও ওসির কাছে ছেলেকে উদ্ধারের জন্য আকুতি-মিনতি করেন। এর পরিপ্রেক্ষিতে ওসি ঘটনাস্থলে পুলিশ পাঠান। ঘটনাস্থল থেকে শনিবার রাত ১২টার দিকে শফিকুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। এ সময় খালেকে গ্রেপ্তার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শফিকুলের শারীরিক অবস্থার উন্নতি না হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রোববার নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।
রানীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম নাজমুল আহসান বলেন, ‘শফিকুলকে হাসপাতালে ভর্তি করা হলে আমরা যথাসাধ্য তাকে চিকিৎসাসেবা দিই। বেধড়ক মারধরের কারণে তার শরীরের একাধিক ক্ষতচিহ্ন দেখা গেছে। তাই ভালো চিকিৎসার জন্য তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।’
ঘটনার পর থেকে মিজানুর, জিয়া ও টিপু পলাতক থাকায় এ বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
ওসি মোস্তাফিজুর বলেন, এ ঘটনায় আয়শা শনিবার রাতে চারজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। রাতেই মামলার মূল আসামি খালেককে গ্রেপ্তার করা হয়। পরে রোববার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।