চুরির অভিযোগে শিশুর ওপর এমন নির্যাতন!
‘স্যার আমারে রুটি বানানোর বেলুন দিয়া চোকে ও কপালে মারি রক্ত বের করি দিছে। তিন দিন ধরি আমাক শৌচাগারে আটকায়ে রাকিছে। দিনে শুধু একটা রুটি দিয়া বুলতো, খা।’ গত শুক্রবার লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দক্ষিণ লালপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে তহিদুল ইসলাম (৯) এভাবে তার ওপর চালানো নির্যাতনের বর্ণনা দেয়। তার অভিযোগ, ঘরের কাজ করার সময় ঢাকার মিরপুর সেনানিবাসের ক্যাপ্টেন শফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী এই নির্যাতন চালিয়েছেন। এ ব্যাপারে তার মা জহুরা বেগম লালপুর থানায় একটি এজাহার দাখিল করেছেন। শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ৬ নম্বর বিছানায় শুয়ে যন্ত্রণায় কাঁতরাচ্ছে শিশু তহিদুল। তার বুক ও পেট ফুলে গেছে। খাদ্যনালির ব্যথায় সে খেতে ও কথা বলতে কষ্ট পাচ্ছে। তবুও ভাঙা ভাঙা কণ্ঠে জানায়, শুধু ছেলে রাখার কথা বলে তাকে নিয়ে গিয়ে শৌচাগার পরিষ্কার, ঘর ও আসবাবপত্র পরিষ্কার, থালাবাসন ধোয়া, কাপড়চোপড় পরিষ্কারের কাজ করানো হতো। কাজে একটু ক্রটি পেলেই শারীরিক নির্যাতন চালানো হতো। সে মাথা, মুখমণ্ডল, গলা, চোখ, হাত-পা ও বুকে ৩২টি আঘাতের চিহ্ন দেখায়। অধিকাংশ আঘাত শুকিয়ে গেলেও চোখের মণিতে রক্ত জমে থাকা ও কপালের ভ্রূতে কাটা জখম এখনো রয়েছে। ৫০০ টাকা চুরির অভিযোগে গত ২৪ এপ্রিল এই দুটি আঘাত করা হয়। তাকে রুটি বানানোর বেলুন দিয়ে আঘাত করা হয়। একপর্যায়ে বুট দিয়ে পেট ও বুকে ডলা দেওয়া হয়। এই ঘটনার জন্য তাকে তিন দিন শৌচাগারে আটকে রাখা হয়। গত ২৮ এপ্রিল তাকে লালপুর এনে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক আবদুর রাজ্জাক বলেন, ভর্তি করার দিন তহিদুলের অবস্থা খুবই খারাপ ছিল। সারা শরীরে মারপিটের চিহ্ন রয়েছে। তহিদুলের মা জহুরা বেওয়া বলেন, ‘পেটের দায়ে ছেলিক স্যারের কাছে রাখিছিনু। কিন্তু স্যার যে ছেলিডাক এভাবে অত্যিচার করবি, তা ভাবিনি। বিচার পাব কি না জানিনি। তবে লালপুর থানায় একটা মামলা দিছি। না হলে আল্লায় বিচার করবি।’ক্যাপ্টেন শফিকুল ইসলাম বলেন, ‘তহিদ অসম্ভব বেয়াদব। সে আমাদের অনুপস্থিতিতে ঘর অপরিষ্কার করে রাখত। আমার ছেলের খাবার খেয়ে নিত। মানিব্যাগ থেকে টাকা চুরি করত। তাই রাগ সামাল দিতে না পেরে ওকে চড়থাপ্পড় দিয়েছিলাম। আমি বা আমার স্ত্রী তাকে নির্যাতন করিনি। তবে তাকে র্যাব বা থানায় না দিয়ে ভুল করেছি।’ লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, একটা লিখিত অভিযোগ পেয়েছি। তবে ঘটনাস্থল ঢাকায় হওয়ায় অভিযোগটি আমরা মামলা হিসেবে নিতে পারছি না। সাধারণ ডায়েরি করে লিখিত অভিযোগটি ঢাকায় পাঠিয়ে দেব।