চুরির অর্থ ফেরত আসতে সময় লাগবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফিলিপাইন থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন ওই দেশের আদালত। তবে আজ বৃহস্পতিবার ফিলিপাইনের পত্রিকা ইনকোয়ারারের প্রতিবেদনে বলা হয়েছে, এ অর্থ ফেরত পেতে বাংলাদেশকে একটু বেশি সময় অপেক্ষা করতে হবে।

ওই অর্থ ক্যাসিনো ব্যবসায়ী কিম ওয়ংয়ের কাছ থেকে ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলে জমা হয়েছে এবং এরপর কিছু ধাপ পার করার পর ওই অর্থ ফেরত পাওয়া যাবে। চুরি যাওয়া অর্থের যে অংশ পুনরুদ্ধার করা হয়েছে, ফিলিপাইনের আদালত তা যথাযথভাবে সংরক্ষণ করতে নির্দেশ দিয়েছেন।
ম্যানিলার আঞ্চলিক আদালতের নির্বাহী বিচারক রেনাল্দো এ আলহামব্রা পরবর্তী শুনানির তারিখ ২ মে নির্ধারণ করে বলেছেন, বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে অর্থ ফেরত দিতে আরও বেশ কিছু প্রক্রিয়া পার করতে হবে।
ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল ১৮ এপ্রিল আদালতে একটি আবেদন করে। ওই আবেদনে তারা অর্থ চুরির ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠান কিম ওয়ং, ইস্ট হাওয়াই লেইসার করপোরেশন, সেঞ্চুরিটেক্সট ট্রেডিং, রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশন ও ফিলিপাইন ন্যাশনাল ব্যাংকের সম্পদ সিলিসিটর অফিসের মাধ্যমে সংরক্ষেণের ব্যাপারে নির্দেশনা চায়। ওই দিনই আদালতের বিচারক আলহামব্রা ওই সব ব্যক্তি ও প্রতিষ্ঠানের লেনদেন কর্মকাণ্ড তদারক করার নির্দেশ দেন।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার তিন মাসেই ফিরিয়ে দেওয়ার আশা করেছে ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল। তবে এ বিষয়ে কোনো নিশ্চয়তা দেননি সংস্থাটির মহাপরিচালক জুলিয়া বাকে-আবাদ। তিনি গত মঙ্গলবার এক সাক্ষাৎকারে বলেন, ম্যানিলার আঞ্চলিক আদালত ওই চোরাই অর্থের একাধিক তহবিল এবং ক্যাসিনো ব্যবসায়ী কিম ওয়ংয়ের ফিরিয়ে দেওয়া ৪৬ লাখ ৩০ হাজার ডলার সংরক্ষিত রাখার একটি সাময়িক আদেশ দিয়েছে।
গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে বাংলাদেশ ব্যাংকের দিক থেকে আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্ক সুইফট থেকে পরামর্শ পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। এর মধ্যে দুই কোটি ডলার যায় শ্রীলঙ্কায় আর বাকি ৮ কোটি ১০ লাখ ডলার গেছে ফিলিপাইনে। এরই মধ্যে শ্রীলঙ্কার দুই কোটি ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ। ফিলিপাইনে এ ঘটনার সঙ্গে জড়িত কিম ওয়ংও বেশ কিছু অর্থ ফেরত দিয়েছেন।