চুরির টাকা নিয়ে বিরোধ, হামলায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামের পান্নু মোল্লার বাড়িতে চুরির টাকা ভাগাভাগি কেন্দ্র করে গত বুধবার রাতে হামলায় নূরু মাতব্বর নামে এক চোর নিহত হয়েছেন।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, পান্নু মোল্লা একটি সংঘবদ্ধ ইজিবাইক চোর চক্রের সদস্য। বুধবার রাতে চোরাই ইজিবাইক বিক্রির টাকার ভাগাভাগি করতে মাদারীপুরের বিভিন্ন উপজেলা থেকে চোর চক্রের পাঁচ সদস্য বার্থী গ্রামে পান্নু মোল্লার বাড়িতে আসেন।
বুধবার দিবাগত রাত তিনটায় টাকা ভাগাভাগি নিয়ে পান্নু মোল্লা ও তাঁর কয়েকজন সহযোগীর সঙ্গে অন্যদের কথা-কাটাকাটির একপর্যায়ে পান্নুর নেতৃত্বে স্থানীয় চোরেরা বহিরাগত চোরদের ওপর হামলা চালান।
এ সময় বহিরাগত চার চোর পালিয়ে যেতে সক্ষম হলেও মাদারীপুরের রাজৈর উপজেলার শংকরদী গ্রামের সত্য মাতব্বরের ছেলে নূর মাতুব্বর (৫৫) মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।
গ্রামের কয়েকজন জানান, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে পান্নু মোল্লা তাঁর বাড়িতে ডাকাতি করতে এসে গণপিটুনিতে নূর মাতব্বর নিহত হয়েছে বলে প্রচারণা চালান।
নূরু মাতব্বরের স্ত্রী মহিতন বেগম দাবি করেন, তাঁর স্বামী কোনো চুরির ঘটনায় সম্পৃক্ত নন। তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছে।