চুরি, ছিনতাই ও মাদক সেবনের অপরাধে আবাসিক হল থেকে বহিষ্কার হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের লেভেল-২, সেমিস্টার-২-এর ছাত্র শামীম সুলতান ওরফে শুভ। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হলের এক বহিষ্কারাদেশে এ কথা জানানো হয়। এ ছাড়া শামীম ও তাঁর সহযোগী একই অনুষদের লেভেল-২, সেমিস্টার-২-এর আরেক ছাত্র ইমরান হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিরাপত্তার কথা বিবেচনা করে ওই দুই ছাত্রকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।শামীমের বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে, মোবাইল ফোনসেট, অর্থ ও কাপড় চুরি এবং অবৈধভাবে বিশ্ববিদ্যালয়ের দুটি হলে দুটি পরিচয়পত্র রাখা, হল পরিবর্তন, ছিনতাই, মাদক সেবন ও হলের সার্বিক শান্তি-শৃঙ্খলায় বিঘ্ন ঘটানোর অভিযোগে গত ৩১ জানুয়ারি মো. শামীম সুলতানকে বিশ্ববিদ্যালয়ের ঈশা খাঁ হল থেকে বহিষ্কার করা হয়েছে।প্রক্টর মোহাম্মদ শামছুদ্দিন জানান, শামীম ও ইমরানের স্বীকারোক্তি থেকে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থী চুরি, ছিনতাই ও মাদক সেবনের সঙ্গে জড়িত।