চুরির দায়ে দুই ছাত্র গ্রেপ্তার, ৩০ ভরি স্বর্ণালংকার উদ্ধার
বন্ধুর বড় ভাইয়ের বাসা থেকে ৩০ ভরি ওজনের স্বর্ণালংকারসহ প্রায় ৩২ লাখ টাকার মালামাল চুরি করার দায়ে চট্টগ্রামের সরকারি মহসীন কলেজের স্নাতকোত্তর শ্রেণীর দুই ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার গ্রেপ্তার করার পর তাঁদের কাছ থেকে চুরি যাওয়া বেশির ভাগ মালামাল উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: দর্শন বিভাগের ছাত্র মো. ইকবাল হোসেন চৌধুরী (২৫) ও ব্যবস্থাপনা বিভাগের ছাত্র মো. কামাল হোসেন (২৭)। ইকবালের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গুরুহীত গ্রামে এবং কামালের বাড়ি চট্টগ্রামের বাকলিয়া থানাধীন বলিহাট এলাকায়। গত রোববার দুপুরে নগরের চকবাজার থেকে ইকবালকে এবং রাতে বাকলিয়া থেকে কামালকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে চোরাই মালামালসহ তাঁদের পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে হাজির করা হয়। নগর পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম গতকাল সাংবাদিকদের বলেন, সিরাজদ্দৌলা সড়কের বাসিন্দা মঈনউদ্দিনের লন্ডনপ্রবাসী ভাই সাইফুলের সঙ্গে ইকবালের বহু দিনের বন্ধুত্ব। সে সুবাদে মঈনউদ্দিনের বাসায় ইকবালের যাতায়াত ছিল। এ সুযোগ কাজে লাগিয়ে ইকবাল কৌশলে মঈনউদ্দিনের ঘরের তালার বিকল্প চাবি বানিয়ে রাখেন। ১ সেপ্টেম্বর ঈদের পরের দিন মঈনউদ্দিন পরিবারের সদস্যদের নিয়ে অন্যত্র বেড়াতে গেলে ইকবাল ও তাঁর সহযোগী কামাল বিকল্প চাবি দিয়ে তালা খুলে ঘরে ঢোকেন। এরপর তাঁরা ৩০ ভরি ওজনের স্বর্ণালংকার, ল্যাপটপ, ভিডিও ক্যামেরা ইত্যাদিসহ মোট ৩২ লাখ টাকার মালামাল নিয়ে চম্পট দেন। এ ঘটনার পর মঈনউদ্দিন থানায় মামলা করলে পুলিশ সন্দেহভাজন আসামি হিসেবে ইকবাল ও কামালকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তাঁরা চুরির কথা স্বীকার করেন এবং মালামাল ফেরত দেন।