চুরির পর আটক রেল কর্মচারীকে ছাড়িয়ে নিলেন নেতারা
দিনাজপুরের পার্বতীপুরে ডিজেল ইঞ্জিন কারখানা থেকে গত বুধবার তামার তার চুরির অভিযোগে কারখানার এক কর্মচারীকে আটক করে পুলিশ। পরে শ্রমিকনেতাদের চাপে ১৮ ঘণ্টা পর তাঁকে ছেড়ে দেয় পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে কারখানা কর্তৃপক্ষ ওই কর্মচারীকে সাময়িক বরখাস্ত ও অভিযোগ তদন্তে কমিটি গঠন করে।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার প্রায় ১০ হাজার টাকা মূল্যের রেল ইঞ্জিনে ব্যবহার উপযোগী পাঁচ খণ্ড তামার তার চুরির অভিযোগে হাসান ইমাম নামে এক বৈদ্যুতিক শ্রমিককে আটক করা হয়। কিন্তু অভিযুক্ত কর্মচারী জাতীয় রেল শ্রমিক লীগের সদস্য হওয়ায় তাঁকে ছাড়িয়ে নিতে দেনদরবার শুরু করেন শ্রমিকনেতারা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে আটক কর্মচারীর মুক্তির দাবিতে জাতীয় রেল শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা শুভ্রকান্তি রায় ও জাতীয় রেল শ্রমিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ওয়াজুল হকের নেতৃত্বে লোকোমোটিভ কারখানা, পার্বতীপুর ডিজেল ইঞ্জিন কারখানা ও ডিজেল শেডের বিভিন্ন শ্রমিক সংগঠনের কয়েক শ শ্রমিক কর্মবিরতি শুরু করেন।
সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁরা ডিজেল কারখানার ব্যবস্থাপক (কর্ম) জয়দুল ইসলামকে অবরুদ্ধ করে রাখেন। পরে দুই পক্ষে সমঝোতার ভিত্তিতে আটক কর্মচারীকে ছেড়ে দেয় পুলিশ। এরপর ব্যবস্থাপক জয়দুল অভিযুক্ত হাসান ইমামকে সাময়িক বরখাস্ত করেন। সেই সঙ্গে চুরির ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করেন।