চুরির পর ট্রাকে করে পালাতে গিয়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে নির্মাণাধীন ভবনের উপকরণ চুরি করে ট্রাকে পালানোর সময় চোরের একটি দলকে তাড়া করে পুলিশ। এ সময় ট্রাক থেকে পড়ে গিয়ে চোর দলের সদস্য আলমগীর হোসেন (৩৫) মারা যান। পরে পুলিশ ওই দলের তিন সদস্যকে গ্রেপ্তার করে।গত শুক্রবার রাতে পুলিশ ওই অভিযান চালায়। গ্রেপ্তার হওয়া আরিফ শেখ জানান, ওই দিন দিবাগত রাত একটার দিকে তাঁরা ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পাশে নির্মাণাধীন কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউটের রড ও সেন্টারিং চুরি করে ট্রাকে তুলছিলেন। রাত দেড়টার দিকে টহল পুলিশের একটি গাড়ি এসে তাঁদের ট্রাকের পেছনে থামে।গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির সদস্য (কনস্টেবল) খায়রুল বাহার বলেন, ‘সন্দেহবশত আমরা থামি। রাস্তায় ট্রাকের লোক খুঁজে পাচ্ছিলাম না। তখন আমি ওই ট্রাকে উঠে যানটির মধ্যে জড়সড় হয়ে দুজনকে বসে থাকতে দেখি। তাদের দিকে অগ্রসর হতেই একজন রড দিয়ে আমার মাথায় বাড়ি মারে। এ সময় ট্রাকটি চলতে শুরু করে। তারা আমাকে মারধর করে প্রায় এক কিলোমিটার দূরে ফেলে যায়। পরে ট্রাকটি মহাসড়ক ছেড়ে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে ঢুকে পড়ে।’ওই সড়কের বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম জানান, ওয়্যারলেস বার্তা পেয়ে তাঁরা ফাঁড়ির সামনে গাছের গুঁড়ি দিয়ে ব্যারিকেড দেন। কিন্তু ট্রাকটি গাছের গুঁড়ি ঠেলে পালিয়ে যেতে থাকে। তখন পেছনে পুলিশের তিনটি গাড়ি সাইরেন বাজিয়ে ধাওয়া করছিল। মুকসুদপুরের সিন্দিয়াঘাট স্লুইসগেট এলাকায় পৌঁছে পালাতে থাকা ট্রাকটি অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের বাম্পারে ঝুলতে থাকা চোর দলের সদস্য আলমগীর রাস্তায় পড়ে গিয়ে একটি ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আর চোরদের ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের ভেতর ঢুকে পড়ে। রাত চারটার দিকে এলাকাবাসীর সহায়তায় পুলিশ ট্রাকচালক আবদুল হামিদসহ আরও দুজনকে গ্রেপ্তার করে। ট্রাকচালক জানান, তাদের আরও তিন সদস্য পালিয়ে গেছেন। তাঁরা সবাই খুলনার খালিশপুর ও ৫ নম্বর ঘাট এলাকায় বাস করেন।গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান বলেন, এ ঘটনায় তিনটি পৃথক মামলা হয়েছে। পুলিশ গ্রেপ্তারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে।