চুরির পর মালিকের কাছেই বিক্রির চেষ্টা
সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের বাগডোকরা সরকারপাড়া গ্রামের জনিক আহমেদ নামের এক ব্যক্তির মোটরসাইকেল ৩ নভেম্বর রাতে চুরি যায়। এর দুই দিন পর ওই ব্যক্তির কাছেই সেটি বিক্রির চেষ্টা করা হয়। বিষয়টি বুঝতে পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চোর। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।জনিক আহমেদ জানান, ৩ নভেম্বর রাতে নিজ বাড়ি থেকে তাঁর মোটরসাইকেলটি চুরি যায়। সেটি কোথাও খুঁজে না পেয়ে একপর্যায়ে তিনি হাল ছেড়ে দেন। পরে একটি মুঠোফোন নম্বর থেকে কল করে তাঁকে জানানো হয়, রংপুরে একটি মোটরসাইকেল বিক্রি হচ্ছে। বিক্রেতা অভাবে আছেন, তাই পানির দরে সেটি কেনা যাবে। পরে তিনি কামারপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিকো আহমেদসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে গত সোমবার বিকেলে মুঠোফোনের নির্দেশনা অনুযায়ী রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে উপস্থিত হন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর রাত নয়টার দিকে মো. নূরনবী নামের (৩২) এক ব্যক্তি মোটরসাইকেলটি দেখাতে আসেন। এ সময় জনিক তাঁর মোটরসাইকেল চিনে ফেলেন। বিক্রেতাও বিষয়টি টের পান এবং কৌশলে সেটি নিয়ে পালিয়ে যান। পরদিন মঙ্গলবার রাতে সৈয়দপুর থানায় জনিক মামলা করেন।