চুরির প্রতিবাদে জুড়ীতে ব্যবসা প্রতিষ্ঠানে ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজারের ব্যবসায়ী সমিতি গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে। ব্যবসাপ্রতিষ্ঠানে ঘন ঘন চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে তাঁরা এ কর্মসূচি পালন করছেন। ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, গত বছরের ২৮ ডিসেম্বর রাতে কামিনীগঞ্জ বাজারের ডাকঘর সড়ক এলাকার মতিন ট্রেডার্স ও খুরশীদ আলীর স্টেশনারি দোকান, ২৯ ডিসেম্বর ফুলতলা সড়কের শাহজালাল ভ্যারাইটিজ স্টোর ও মান্নান সু স্টোর, ৩১ ডিসেম্বর শিশুপার্ক চত্বরের আল মদিনা ডিপার্টমেন্টাল ও আশেকে রাসুল স্টোর এবং গত বৃহস্পতিবার রাতে শিশুপার্ক চত্বরের জোনাকি বিপণির মনির ট্রেডার্স ও মালেক সু স্টোরে চুরি হয়। এসব প্রতিষ্ঠান থেকে চোরেরা মোবাইল ফোনসেট, সিম কার্ড, নগদ টাকাসহ বিভিন্ন ধরনের জিনিস লুট করে নিয়ে যায়। এর প্রতিবাদে কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি মাইকিং করে গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে অনির্দিষ্টকালের জন্য সব দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেয়।কামিনীগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জানান, ঘন ঘন চুরির ঘটনায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানও যথাযথ উদ্যোগ নেয়নি। এ কারণে তাঁরা বাধ্য হয়ে ধর্মঘট করছেন। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন জানান, চুরির ঘটনাগুলো তদন্ত করে দেখা হচ্ছে।