চুরির ব্যবস্থা করতে চীনের সঙ্গে পদ্মা সেতুর চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, চুরির ব্যবস্থা করার জন্য সরকার চীনের সঙ্গে পদ্মা সেতু চুক্তি সই করেছে।
গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। ‘গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড: সংকটের আবর্তে বাংলাদেশ’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোটের শিরক দল ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।
বিশ্বব্যাংক ‘না’ করে দেওয়ার পর চীনের সঙ্গে পদ্মা সেতু নির্মাণের চুক্তি করার সমালোচনা করে ফখরুল অভিযোগ করেন, এর মাধ্যমে সরকার চুরি করার ব্যবস্থা করেছে৷ সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘বড়গলায় বলছেন পদ্মা সেতু নির্মাণের জন্য চীনের সঙ্গে চুক্তি হয়েছে। কিন্তু বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করলেন না কেন? তারা চুরি করতে দেবে না তাই? এখন চুরি করা যায়, সেই ব্যবস্থা করেছে সরকার৷’
মির্জা ফখরুল ইসলাম বলেন, সংলাপের জন্য বৈধতা চেয়ে সরকার প্রমাণ করেছে তারা অবৈধ। তবে চলমান সংকট সমাধানে এই অবৈধ সরকারের সঙ্গেই সংলাপে রাজি বিএনপি।
গত মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছিলেন, সংবিধান অনুযায়ী সরকারকে বৈধতা দিলেই সংলাপ হতে পারে। তবে স্বাভাবিক অবস্থায় আগামী জাতীয় নির্বাচনের আগে সংলাপের কোনো সুযোগ নেই।
তাঁর এই বক্তব্যের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশের স্বার্থেই সংলাপ হতে হবে৷ আর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেই সংলাপ হবে৷
এনপিপির সভাপতি শেখ শওকত হোসেনের সভাপতিত্বে ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মোবিন, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া প্রমুখ বক্তব্য দেন।