চুরির মামলার পর আয়ার মাথা ন্যাড়া করলেন চিকিৎসক
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রথমে চুরির মামলা, অতঃপর ক্ষুর দিয়ে আয়ার মাথা ন্যাড়া করলেন দেলোয়ার হোসেন (৪২) নামের এক চিকিৎসক। গত শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা নগরের রেসকোর্স এলাকার দেলোয়ার আই কেয়ার হাসপাতালে ওই ন্যক্কারজনক ঘটনা ঘটে।এ ব্যাপারে ওই আয়ার স্বামী কোতোয়ালি মডেল থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন-চারজনের নামে নারী নির্যাতন দমন আইনে মামলা করেছেন। পুলিশ ওই চিকিৎসক দেলোয়ারকে গ্রেপ্তার করেছে। দেলোয়ার আয়ার মাথা ন্যাড়া করার কথা পুলিশ ও গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন। মামলার এজাহার ও স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, কুমিল্লার বুড়িচং উপজেলার আজ্ঞাপুর গ্রামের এক ব্যক্তি দেড় বছর আগে দেলোয়ার আই কেয়ার হাসপাতালে দারোয়ান পদে চাকরি নেন। ছয় মাস আগে তাঁর স্ত্রীকে (২৫) আয়ার চাকরি দেন হাসপাতালের মালিক চিকিৎসক দেলোয়ার হোসেন। এরপর এই নারীকে রাতের বেলায় হাসপাতালে কাজের দায়িত্ব দেওয়া হয়। শুরু থেকেই ওই দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন ওই নারী। ওই সময়ে একাধিকবার তাঁকে কুপ্রস্তাব দেন চিকিৎসক দেলোয়ার। ৯ অক্টোবর আবারও প্রস্তাব প্রত্যাখ্যান করলে চিকিৎসক দেলোয়ার ওই আয়ার ওপর ক্ষিপ্ত হন। ওই দিন হাসপাতাল থেকে এক লাখ ৭০ হাজার টাকা চুরি হয়েছে—অভিযোগ এনে আয়া ও তাঁর স্বামীকে আটকে রাখা হয়। ১০ অক্টোবর রাত সাড়ে ১০টায় চিকিৎসক দেলোয়ার নিজেই ক্ষুর এনে আয়ার মাথা ন্যাড়া করে দেন। এরপর মাথায় কালি মেখে ওড়না পেঁচিয়ে দেওয়া হয়। এরপর সাদা কাগজে স্বামী-স্ত্রীর সই নেওয়া হয়। নির্যাতনের শিকার নারীর স্বামী অভিযোগ করেন, ‘সাদা কাগজে সই নেওয়ার পর আমাদেরকে কুমিল্লা শহরে এলে কিংবা আইনের আশ্রয় নিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।’ গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ওই দারোয়ান স্ত্রীকে নির্যাতন ও যৌন উৎপীড়নের অভিযোগে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। আসামিরা হলেন চিকিৎসক দেলোয়ার হেসেন, দেলোয়ারের সহোদর ওমর ফারুক, ইব্রাহিম, সায়মন, হারুন ও শাহ আলম। এর মধ্যে দেলোয়ারকে হাসপাতাল থেকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে চিকিৎসক দেলোয়ার হোসেন বলেন, ‘আমার মাথা ঠিক ছিল না। আমি ভুল করেছি। আমার প্রায়শ্চিত্ত হওয়া দরকার।’ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, চিকিৎসক দেলোয়ার সবকিছু স্বীকার করেছেন। তাঁকে আদালতের মাধ্যমে শনিবার (গতকাল) কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এ প্রসঙ্গে শশীদল আলহাজ মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম বলেন, নৈতিক স্খলন ও বিকৃত মানসিকতা থেকেই চিকিৎসক ওই অপরাধে নিজেকে জড়ালেন। তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। চিকিৎসক দেলোয়ার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সদস্য। বিএমএ কুমিল্লার সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘আমি যতটুকু জানি, তিনি (দেলোয়ার) অত্যন্ত ধার্মিক ও সহজ-সরল। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ আমরা খতিয়ে দেখছি।’