চুরির ১৫ দিন পর শিশু সোহানের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরি যাওয়ার ১৫ দিন পর ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের কাটাখালী গ্রামের রতন মিয়ার দুই বছরের ছেলে সোহানের লাশ গতকাল শনিবার উদ্ধার করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি রাতে দুর্বৃত্তরা সিঁধ কেটে সোহানকে চুরি করে নিয়ে যায়। দুর্বৃত্তরা পরের দিন শিশুটির মা-বাবার কাছে আট লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর মধ্যে তিন লাখ টাকা ১৯ জানুয়ারি অপহরণকারীদের দেওয়া ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। কিন্তু শিশুটিকে ফেরত দেওয়া হয়নি। পরে র‌্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালালেও শিশুটিকে উদ্ধার করতে পারেনি। গতকাল মেলেং পূর্বপাড়া গ্রামের কালীগঙ্গা নদীর পারে স্থানীয়রা অজ্ঞাত পরিচয়ের একটি শিশুর লাশ দেখতে পায়। সোহানের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। ছেলের লাশ পাওয়ার খবর শুনে সোহানের মা-বাবা বাকরুদ্ধ হয়ে পড়েন।