চুল কাটানোর কথা বলে শ্যালককে অপহরণ!
কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের দাবিতে অপহৃত এক শিশুকে আট দিন পর আজ বৃহস্পতিবার ভোরে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে অপহৃত শিশুর ভগ্নিপতিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ দুপুরে কক্সবাজার জেলা পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক।
পরিবার ও পুলিশের দাবি, চুল কাটানোর কথা বলে আট বছর বয়সী শ্যালক সাইফুল ইসলামকে (৮) অপহরণ করে আপন ভগ্নিপতি মমতাজ মিয়া (২৫)। অপহরণের আট দিন পর গতকাল বুধবার বিকেলে মোবাইলে আড়ি পেতে রাতেই অপহরণের মূল হোতাকে গ্রেপ্তার করা হয়। পরে অপহৃত শিশুকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া গ্রামে।
সংবাদ সম্মেলনে আফরুজুল হক জানান, ১৪ জুন সকাল সাড়ে ১০টার দিকে কাঞ্জরপাড়া গ্রামের মোস্তাক আহমদের ছেলে সাইফুল ইসলাম অপহৃত হয়। আর এ কাজ করে তাঁর আপন ভগ্নিপতি একই ইউনিয়নের লম্বাবিল তেচ্ছিব্রিজ গ্রামের খুইল্ল্যা মিয়ার ছেলে মমতাজ মিয়া। ঘটনার দিনই অপহৃত সাইফুল ইসলামের বড় ভাই রহমত আলী বাদী হয়ে টেকনাফ থানায় একটি অপহরণ মামলা করেন। ওই মামলায় ভগ্নিপতি মমতাজকে মূল আসামি করা হয়। ঘটনার পর থেকেই পুলিশ অপহৃত শিশুকে উদ্ধারের চেষ্টা চালায়। একপর্যায়ে মোবাইলে আড়ি পেতে মমতাজ মিয়াকে গতকাল বুধবার রাতে উখিয়া উপজেলার হাজিপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে টেকনাফ থানার পুলিশ। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী আজ বৃহস্পতিবার ভোররাতে হোয়াইক্যং ইউনিয়নের পাহাড়ি এলাকা আমতলী চাকমাপাড়া থেকে অপহৃত শিশু সাইফুল ইসলামকে উদ্ধার করা হয়।
আফরুজুল হক বলেন, জিজ্ঞাসাবাদে জানা গেছে, অপহরণের পর শিশু সাইফুল ইসলামকে প্রথমে চাকমাপাড়ার বনের ভেতর আটকে রাখা হয়। পরে চাকমা সম্প্রদায়ের এক বাড়িতে নেওয়া হয়। অপহরণের পর থেকেই মমতাজ মিয়া মুক্তিপণ হিসেবে সাইফুলের ভাইয়ের মোবাইলে ফোন করে পাঁচ লাখ টাকা দাবি করে আসছিলেন। কিন্তু টাকা দেওয়ার আগেই শিশুটিকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। সেটি যাচাই-বাছাই করা হচ্ছে। নিরীহ কাউকে আসামি করা হবে না। মমতাজ মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শিশু সাইফুল ইসলামের মা রাবেয়া খাতুন (৪৫) বলেন, এক বছর দুই মাস আগে মমতাজ মিয়ার সঙ্গে তাঁর মেয়ে উম্মে হাবিবার বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে তাঁর মেয়ের ওপর যৌতুকের জন্য নির্যাতন করে আসছিলেন মমতাজ মিয়া। একপর্যায়ে দুই মাস আগে তাঁর মেয়ে স্বামীর বাড়ি থেকে চলে আসেন। শত্রুতার জের ও টাকার জন্যই তাঁর ছেলেকে অপহরণ করেছেন বলে দাবি করেন তিনি।