চুল কেটে ছ্যাঁকা দিয়ে গৃহবধূকে নির্যাতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কোন্দাঘাটা গ্রামে এক গৃহবধূকে (২৫) তিন দিন ঘরে আটকে রেখে দফায় দফায় রড দিয়ে পেটানো হয়েছে। মাথার চুল কেটে ও শরীরে সিগারেটের আগুনের ছ্যাঁকা দিয়ে করা হয়েছে নির্যাতন। গত রোববার সন্ধ্যায় পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।গৃহবধূ ও তাঁর পরিবারের অভিযোগ, যৌতুকের টাকা দিতে না পারায় স্বামী শরিফ আল মামুন ওরফে আবু মৃধা ওই নির্যাতন করেছেন। শরিফ কালিয়াকৈরের বোয়ালি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও কোন্দাঘাটা গ্রামের বাসিন্দা আওয়ামী লীগের নেতা মোয়াজ্জেম হোসেনের ছেলে।শরিফ, তাঁর বাবা ও বড় ভাই বাবু মৃধাকে আসামি করে কালিয়াকৈর থানায় মামলা করেছেন গৃহবধূর বাবা।আহত গৃহবধূ ও এলাকাবাসী জানান, প্রায় ছয় বছর আগে শরিফের সঙ্গে ওই গৃহবধূর বিয়ে হয়। বিয়ের সময় শরিফকে দেড় লাখ টাকা যৌতুক দেওয়া হয়। ওই টাকা নেশা করে শেষ করেন শরিফ। পরে একটি অটোরিকশা কেনার টাকা দিতে স্ত্রীকে চাপ দেন তিনি। শ্বশুর তাঁকে একটি অটোরিকশাও কিনে দেন। কিন্তু শরিফের নেশা করা ও টাকার দাবিতে নির্যাতন বন্ধ ছিল না। বর্তমানে তাঁদের পাঁচ বছরের একটি ছেলে আছে।প্রতিবেশীরা জানান, আরও যৌতুকের দাবিতে কয়েক মাস ধরে স্ত্রীকে চাপ দিচ্ছিলেন শরিফ। টাকা আনতে অস্বীকৃতি জানানোয় গত শুক্রবার সকাল থেকে স্ত্রীকে ঘরে আটকে রাখেন। শুরু করেন বর্বর নির্যাতন। চড়-থাপড় ও কিল-ঘুষি দেন। পেটান রড দিয়ে। কাঁচি দিয়ে কেটে দেন মাথার চুল। সিগারেটের আগুনের ছ্যাঁকা দিয়ে ক্ষত-বিক্ষত করেন শরীরের বিভিন্ন স্থান। টের পেয়ে প্রতিবেশীরা অনেক চেষ্টা করেও শরিফকে নিবৃত্ত করতে পারেননি।গৃহবধূর বাবা বলেন, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে তিনি বিষয়টি কালিয়াকৈর থানার পুলিশকে জানান। পুলিশ রোববার সন্ধ্যা ছয়টার দিকে মুমূর্ষু অবস্থায় তাঁর মেয়েকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।কোন্দাঘাটা গ্রামের বাসিন্দা বাচ্চু শিকদার বলেন, এর আগেও শরিফ বিভিন্ন সময় তাঁর স্ত্রীকে নির্যাতন করেছেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা করলেও শরিফের পরিবার এতে রাজি হয়নি।হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ প্রথম আলোকে বলেন, তাঁর বাবা অনেক কষ্ট করে শরিফকে প্রচুর টাকা যৌতুক দিয়েছেন। তার পরও আরও টাকা চেয়েছিলেন তিনি। টাকা না দেওয়ায় তাঁকে অমানবিক নির্যাতন করেন।কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. সাইফুল ইসলাম বলেন, গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের ও সিগারেটের আগুনের ছ্যাঁকার চিহ্ন রয়েছে। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।ঘটনার পর শরিফ পলাতক থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বাবা বলেন, ‘আমার ছেলে যৌতুক চায়নি। তার (শরিফ) কথা না শোনায় কিছু মারধর করা হয়েছে।’ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ঘটনাটি ভয়াবহ। শরিফকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।