চুল কেটে দেওয়ার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বাউলদের মানববন্ধন, স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় গতকাল সোমবার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বাউলেরা। মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে সম্প্রতি বাউল আবু বকর সিদ্দিকের চুল কেটে দেওয়া ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে চুয়াডাঙ্গার বাউলেরা এই কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল দুপুর সাড়ে ১২টায় শহরের বড় বাজার শহীদ হাসান চত্বরে মানববন্ধন করা হয়। মানববন্ধনের পর বাউলেরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন বাউল আবদুল লতিফ শাহ, সানোয়ার হোসেন সাঁইজি, বাউল মহিউদ্দিন, জুড়ন আলী, মুনতাজ আলী ও বাউল আবু বকর সিদ্দিক।
আবু বকর সিদ্দিক অভিযোগ করেন, চাঁদপুর গ্রামের মৌলবাদীরা ৮ আগস্ট তাঁর চুল কেটে দেয়। এ সময় তাঁকেসহ বেশ কয়েকজন বাউলকে মারধর করা হয়। মৌলবাদীদের ভয়ে তিনি গ্রামে ফিরতে পারছেন না।