চুল প্রতিস্থাপনে যাত্রা শুরু অরোরার
চুল প্রতিস্থাপন এবং মাথার ত্বক ও চুলের যত্নে উন্নত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে রাজধানীর পান্থপথে যাত্রা শুরু করল অরোরা স্কিন অ্যান্ড অ্যায়েস্থিটিকস সেন্টার নামের একটি প্রতিষ্ঠান। আজ মঙ্গলবার বিকেলে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
উদ্বোধন অনুষ্ঠানে ইকবাল সোবহান চৌধুরী বলেন, চুল প্রতিস্থাপন করার জন্য অনেক রোগী বিদেশে চলে যাচ্ছে। দেশেই যদি বিশ্বাসযোগ্যভাবে চুল প্রতিস্থাপন সম্ভব হয়, তাহলে একদিকে যেমন সেবা পাবে, আরেক দিকে দেশের অর্থ বেঁচে যাবে।
ত্বক ও চুলের আধুনিক চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে ‘আমরা যত্ন নিই, চুল ও ত্বকের’ স্লোগানে এই স্কিন অ্যান্ড অ্যায়েস্থিটিকস সেন্টারে থাকছে—চুল প্রতিস্থাপন (হেয়ার ট্রান্সপ্লান্টেশন), পিআরপি ট্রিটমেন্ট (প্ল্যাটিলেট রিচ প্লাজমা-চুল পুনঃপ্রতিস্থাপন), বিউটি পিইলিং, স্কিন সার্জারি ও ইলেকট্রো সার্জারি সেবা।
অনুষ্ঠানে চর্মরোগ বিশেষজ্ঞ এম কিউ কবীর চৌধুরী বলেন, চুল প্রতিস্থাপন এখন সারা বিশ্বেই জনপ্রিয় হচ্ছে। ভালো সেবা দিয়ে অরোরা দেশেও জনপ্রিয় হয়ে উঠতে পারবে।
টেলিডার্মাটলজি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মো. শহিদুল্লাহ বলেছেন, ‘আমরা চাইছি দেশের মাটিতে কম খরচে সেবা দিতে, যাতে কোনো রোগী বিদেশে না যায়।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অরোরা স্কিন অ্যান্ড অ্যায়েস্থিটিকসের চেয়ারম্যান অধ্যাপক আফজালুল করিম। বক্তব্য দেন বারডেম হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মো. আবিদ হোসেইন মোল্লা ও ডার্মাটলজি অনলাইন কোর্স চেয়ারম্যান অধ্যাপক লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম এ ওহাব প্রমুখ।