চুলকানি হয়, তাই হাঁস পালা বারণ!
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের আতকুড়া ও করিমনগরে হাঁস পালন নিষিদ্ধ করেছে স্থানীয় পঞ্চায়েত। ১২ মে বিকেলে আতকুড়া গ্রামে পঞ্চায়েতের এক সভায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে ১১ হাজার হাঁস সরিয়ে নিয়ে লোকসানে পড়েছেন ২০ জন খামারি।বারবার চেষ্টা করেও পঞ্চায়েতের রায় প্রদানকারী আবদুল গফুর আখনজীর সঙ্গে এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। রায়ের পক্ষাবলম্বনকারী জাকারিয়া জানান, গ্রামবাসী হাঁস পালন বন্ধের দাবি জানানোয় এ ধরনের রায় দেওয়া হয়েছে। খামারের মালিকেরা জানান, ডিমের মৌসুমের শুরুতে প্রতিটি খামারে প্রতি হাজারে ৮০০টি হাঁস ডিম দেওয়া শুরু করেছিল। কিন্তু খামার অন্যত্র সরিয়ে নেওয়ায় প্রতি হাজারে এখন মাত্র ১০০ থেকে ১৫০টি হাঁস ডিম দিচ্ছে। খামারমালিক যোবায়ের জানান, ওই রায়ের আগে তাঁর খামারে দুই হাজার হাঁসের মধ্যে এক হাজার ৬০০টি ডিম দিত, পাশের গ্রামে সরিয়ে নেওয়ায় এখন মাত্র ২০০টি হাঁস ডিম দেয়। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নেওয়া ৬০ হাজার টাকা ঋণ পরিশোধ করা এখন তাঁর পক্ষে কঠিন হয়ে পড়ছে। হাঁস পালন ও হাঁসের খামার বন্ধের ব্যাপারে পঞ্চায়েতের দাবি, হাওরের যেসব ধানের জমি, খাল-নালা ও মাঠে হাঁস চরানো হয়, সেসব জায়গার পানি শরীরে লাগলে চুলকানি হয়, যা পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তবে খামারিরা জানান, গত সাত-আট বছরে ওই দুই গ্রামে হাঁস পালন করা হলেও কোনো সময়ই চুলকানির কথা শোনা যায়নি। হঠাৎ করে বিষয়টি সামনে নিয়ে আসাটা রহস্যজনক। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম ফেরদৌস খান জানান, সরকার যেখানে হাঁস পালনকে নানাভাবে উৎসাহিত করছে, সেখানে খামার বন্ধ করে দেওয়া উচিত হয়নি। বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘এটা তাঁদের অজ্ঞতা। কারণ, যুগ যুগ ধরে মানুষ হাঁস পালন করে আসছে। পানি দূষিত হলে অন্য কারণে হতে পারে, হাঁসের জন্য নয়। এতে এ শিল্পের ক্ষতি হতে পারে। আমি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলে এ ব্যাপারে ব্যবস্থা নেব।’