চুলা ছিল চালু, দেশলাই জ্বালতেই ধপ্, স্বামীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের পশ্চিম মাসদাইর এলাকায় বদ্ধঘরে জমা হওয়া গ্যাসে আগুন লেগে আবেদ আলী প্রধান (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আগুনে তাঁর স্ত্রীও দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত আবেদ আলী ফতুল্লার আলীরটেক ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তাঁর স্ত্রী জরিনা বেগমকে (৬৫) আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আবেদ আলীর ভাগনে মোহাম্মদ রুবেল হোসেন বলেন, তাঁর মামা-মামির দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তাঁরা দুজনই শুধু বাড়িতে থাকতেন। গতকাল ভোরে ফজরের নামাজ পড়ে দুজনই নাশতার জন্য রান্নাঘরে ঢোকেন। শীতের কারণে সারা রাত ঘরের সব দরজা-জানালা বন্ধ ছিল। সেই সঙ্গে গ্যাসের চুলাও রাতে ঠিকমতো বন্ধ করা হয়নি বলে ধারণা করা হচ্ছে। চুলা ধরাতে দেশলাইয়ের কাঠি জ্বালানোর সঙ্গে সঙ্গে গোটা ঘরে আগুন ধরে দুজনই দগ্ধ হন। ওই দম্পত্তির চিৎকারে এলাকাবাসী ছুটে এসে দুজনকে প্রথমে নগরের খানপুরের ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। পথে আবেদ আলী মারা যান। তাঁর স্ত্রী জরিনা বেগম বর্তমানে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন।
নারায়ণগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা আবদুল মান্নান বলেন, জরিনা বেগমের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।