চুলা জ্বলছে না অনেক এলাকায়

রাজধানীর অনেক এলাকায় চুলা জ্বলছে না। সিলিন্ডার কিনে বা ভাড়া নিয়ে রান্নার কাজ সারছেন ওই সব এলাকার বাসিন্দারা। অথচ প্রতি মাসে তিতাসের বিল দিচ্ছেন তাঁরা।
গত বৃহস্পতিবার মিরপুরে তিতাসের নিয়ন্ত্রণ কক্ষে গিয়ে গ্রাহকেরা জানতে চেয়েছেন, তাঁরা কেন বিল দেবেন? গ্যাসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এ তথ্য পাওয়া গেছে। শীত মৌসুম চলে গেলেও গ্যাসের স্বল্পচাপ সামলাতে তিতাসের ১২টি দল রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদিন ছোটাছুটি করছেন। কিন্তু তারপরও পরিস্থিতি ঠিক হচ্ছে না।
রাজধানীর দক্ষিণ খান এলাকার গাওয়াইর, মোল্লার টেক, প্রেমবাগান এলাকায় গ্যাস সিলিন্ডার ব্যবহার এখন অনেকটা নিয়ম হয়ে গেছে। গাওয়াইর এলাকার বাসিন্দা আবদুর রহমান জানান, বর্তমানে তাঁরা গ্যাসের বাড়তি বিল দিচ্ছেন, কিন্তু চুলায় গ্যাস থাকে না।
খোঁজ নিয়ে জানা যায়, উত্তর খান, মিরপুর, কাজীপাড়া, ৬ নম্বর সেকশন, পল্লবী, কালশী, কল্যাণপুর, মোহাম্মদপুরের শেকেরটেক ও আশপাশের এলাকা, লালবাগ, গোপীবাগ অভয় দাস লেন, পেয়াদাপাড়া, গেন্ডারিয়া, গোয়ালনগর, বাবুর দেউড়ীসহ অনেক এলাকায় দিনে-রাতে বেশ কয়েক ঘণ্টা গ্যাসের চুলা জ্বলছে না। ফলে রান্নাবান্নায় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দিনের পর দিন এ সমস্যার কারণে সিলিন্ডার ছাড়াও কেউ কেউ বিকল্প হিসেবে কেরোসিনের চুলা, মাটির চুলায় বা ছাদে কাঠ জ্বালিয়ে রান্না করছেন। বিশেষ করে রাজধানীর দক্ষিণখান ও উত্তরখান এলাকায় এ অবস্থা ভয়াবহ।
তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান পেট্রোবাংলা থেকে তিতাসকে সর্বোচ্চ ১ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাস দেওয়া হয়। তবে এর মাত্র ৮ শতাংশ পান আবাসিক গ্রাহকেরা। তারপরও গ্যাসের স্বল্পচাপের সবচেয়ে বড় শিকার হন এই গ্রাহকেরা। বাকি ৯২ শতাংশ গ্যাস ব্যবহৃত হয় বিদ্যুৎকেন্দ্র, শিল্প-কারখানা ও বাণিজ্যিক কাজে। শীতকালে তিতাস এলাকায় চাহিদা থাকে দুই হাজার মিলিয়ন ঘনফুটের বেশি।
এখন পর্যন্ত গ্যাস না থাকায় গ্রাহকের বিড়ম্বনার কথা স্বীকার করেন তিতাসের কর্মকর্তারাও। তিতাস গ্যাস কোম্পানির উপমহাব্যবস্থাপক (ডিজিএম-অপারেশন) ফাইজার রহমান প্রথম আলোকে বলেন, চাহিদার চেয়ে সরবরাহ কম হওয়াটাই সংকটের বড় কারণ। এ ছাড়া বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি পাইপলাইনে ময়লা জমে থাকার সমস্যাটির পুরোপুরি সমাধান এখনো সম্ভব হয়নি।
ডিজিএম আরও বলেন, সার কারখানাগুলো বন্ধ করে দিলে গ্যাস সমস্যা কিছুটা মিটতে পারে। তবে খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যুৎকেন্দ্রগুলো সচল রাখার জন্যই সার কারখানা বন্ধ রাখা হবে।
এদিকে তিতাস সূত্র দাবি করেছে, কিছু সিএনজি স্টেশন কমপ্রেসরের মাধ্যমে গ্যাস টেনে নেওয়ায় কারণে আবাসিক গ্রাহকদের চুলায় আঁচ কমে যায়। কারণ একটি নির্দিষ্ট এলাকার সিএনজি স্টেশন বন্ধ হয়ে যাওয়ার পর ওই এলাকায় আবাসিক কাজে ব্যবহৃত চুলাগুলোয় আঁচ অনেক বেড়ে যেতে দেখা যায়।
তবে এ বিষয়ে খোঁজ নিতে জয়কালী মন্দির সিএনজি স্টেশন, পরিবাগে ন্যাশনাল সিএনজি, তেজগাঁও সাউদার্ন সিএনজিসহ কয়েকটি সিএনজি স্টেশন ঘুরে জানা যায়, সেসব স্টেশনেও গ্যাসের চাপ তুলনামূলকভাবে কমে গেছে। সাউদার্ন অটোমোবাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনোরঞ্জন ভক্ত প্রথম আলোকে বলেন, সিএনজি স্টেশনের কারণে পুরো এলাকায় গ্যাসের চাপ কমে যায়, এটা সম্পূর্ণ সঠিক নয়। এমনিতেই অনেক দিন ধরে গ্যাসের চাপ কম।