চুলা বিস্ফোরণে দুই হোটেলশ্রমিক গুরুতর দগ্ধ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বাজারে গত শুক্রবার একটি হোটেলের চুলা বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। ওই বিস্ফোরণের ঘটনায় দইখাওয়া বাজারের ছয়টি দোকান পুড়ে গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শুক্রবার রাতে উপজেলার দইখাওয়া ইউনিয়নের দইখাওয়া বাজারের পিপাসা হোটেলের কর্মচারী সুরুজ্জ্বল (৩৪) ও তপন বর্মণ (৩০) কেরোসিনের চুলা জ্বালিয়ে পরোটা তৈরি করছিলেন। এ সময় হঠাৎ চুলাটির বিস্ফোরণ ঘটলে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ছয়টি দোকানে ছড়িয়ে পড়ে। এতে গুরুতর অগ্নিদগ্ধ হন ওই দুই শ্রমিক। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। গুরুতর আহত সুরুজ্জ্বল ও তপনকে ওই রাতেই হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আক্কাছুর রহমান জানান, আহত শ্রমিকদের শরীরের ৯০ থেকে ৯৫ শতাংশ পুড়ে গেছে।