চুলার আগুনে দগ্ধ অন্তঃসত্ত্বা নারী
ডেমরার পূর্ব ডগাইর এলাকার বাসায় রান্না করতে গিয়ে গত সোমবার মারাত্মকভাবে দগ্ধ হন ছয় মাসের অন্তঃসত্ত্বা পোশাককর্মী শিরিনা আক্তার (১৯)। ওই দিন দুপুরেই তাঁর স্বামী রাজমিস্ত্রির সহযোগী মো. শাহীন তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন।
চিকিৎসকেরা জানান, শিরিনার কাঁধ থেকে পা পর্যন্ত শরীরের ৪০ ভাগ পুড়ে গেছে। পুড়ে গেছে পেটও। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁর গর্ভের শিশুটিকে নিয়ে শঙ্কায় আছেন চিকিৎসকেরা।
তবে শাহীন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও সাংবাদিকদের জানিয়েছিলেন, শিরিনা রূপগঞ্জে বাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়েছেন। সে অনুযায়ী গণমাধ্যমে তা প্রচারও হয়। তবে পরে জানা গেল তাঁর দগ্ধ হওয়ার ঘটনাটি ঘটেছে নিজের বাসায়। পরিবার দাবি করেছে, সকালে গ্যাসের চুলায় আগুন পোহানোর সময় তাঁর গায়ে আগুন ধরে যায়।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক আইয়ুব আলী বলেন, সোমবার সকাল আটটার দিকে তারাবতে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে কেউ দগ্ধ হননি বলে তাঁরা নিশ্চিত ছিলেন। পরে শিরিনার খবর জানতে পেরে তিনি হাসপাতালে এসে তাঁর আত্মীয়দের সঙ্গে কথা বলে নিশ্চিত হন ঘটনাটি বাসায় ঘটেছে।
শিরিনার স্বামী শাহীন প্রথম আলোকে বলেন, ‘ও (শিরিনা) তো অনেক পুড়ছে। পোড়ার চিকিৎসায় নাকি অনেক ট্যাকা লাগে। এলাকার মাইনষে কইল, বাসে পোড়া গেছে কইলে সরকারে চিকিৎসা করব। এই জন্যে মিথ্যা বলছি।’
শাহীন বলেন, ‘ঘটনা জানার পর সবাই আমাদের নিন্দা করছে। কিন্তু কী করব, গরিব মানুষ। চিকিৎসার টাকা পাব কই?’