চুলার আগুনে দগ্ধ স্কুলছাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল এলাকায় গতকাল মঙ্গলবার সকালে কেরোসিনের চুলার আগুনে মেহেরুন নেসা (১৬) নামের এক কিশোরী গুরুতর দগ্ধ হয়েছে।
আগুনে মেহেরুনের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
মেহেরুন চন্দনাইশের বরকল এস জেড উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। মেহেরুনকে বাঁচাতে গিয়ে তার ভাই রাব্বিও দগ্ধ হয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহিদ হোসেন বলেন, বেলা পৌনে ১১টার দিকে অগ্নিদগ্ধ মেহেরুনকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনেরা।
গতকাল দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে দেখা যায়, মেহেরুনের প্রায় সারা শরীর ব্যান্ডেজে মোড়ানো। ওয়ার্ডের বাইরে দুহাত ব্যান্ডেজে মোড়ানো অবস্থায় বসে ছিলেন মেহেরুনের বড় ভাই রাব্বি। তিনি বলেন, সকালে কেরোসিনের চুলায় রান্না করতে গিয়ে মেহেরুনের কাপড়ে আগুন ধরে যায়।
মেহেরুনের চাচাতো বোন ফাতেমা বেগম প্রথম আলোকে জানান, ‘সকালে মেহেরুনরা দুই ভাইবোন ঘরে ছিল। ওদের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি মেহেরুনের শরীরে আগুন ধরে গেছে।’
বার্ন ইউনিটের চিকিৎসক কাউসার সুলতানা জানান, মেহেরুনের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে।