চুলার আগুনে পুড়ল ৮০ বসতঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় গতকাল অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। বেলা দেড়টার দিকে ছবিটি তোলা l প্রথম আলো
চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় গতকাল অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি ঘর পুড়ে যায়। বেলা দেড়টার দিকে ছবিটি তোলা l প্রথম আলো

চুলার আগুন থেকে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকার চেয়ারম্যান কলোনির ৮০টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রামের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুণ্ডু বলেন, বেলা ১১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার তথ্য আসে। চেয়ারম্যান কলোনির কাছে বিদ্যুতের একটি সাবস্টেশন আছে। সাবস্টেশনটি যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে কারণে দ্রুত চারটি ফায়ার স্টেশন থেকে নয়টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় আগুন কলোনির বাইরে ছড়াতে পারেনি। বেলা দেড়টার পরে আগুন নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, রান্নার চুলা থেকে সৃষ্ট আগুনে ৮০টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। কলোনিতে নিম্নবিত্ত ও খেটে খাওয়া শ্রমিকেরা থাকতেন। এ ঘটনায় প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে।