চুলু ইস্ট শৃঙ্গ বিজয়ী সিফাত ফাহমিদাকে পর্যটন দূত ঘোষণা
নেপালের ২১ হাজার ৫৯৫ ফুট উঁচু পর্বতশৃঙ্গ চুলু ইস্ট বিজয়ে নারী পর্বতারোহী সিফাত ফাহমিদাকে ‘পর্যটন দূত’ ঘোষণা করা হয়েছে।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের গতকাল শুক্রবার মুক্তিযুদ্ধ জাদুঘরে পর্বতারোহীদের সংগঠন নর্থ আলপাইন ক্লাব বাংলাদেশের (এনএসিবি) এক আলোচনা সভায় এই ঘোষণা দেন। সিফাত ফাহমিদা এনএসিবির সদস্য।এর আগে এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমকে সরকার পর্যটন দূত ঘোষণা করে। মুসা এনএসিবির সাধারণ সম্পাদক।‘নেপালের চুলু ইস্ট বিজয় ও নেপালে বাংলাদেশের পর্যটন বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণ’ শীর্ষক এই সভায় প্রধান অতিথির বক্তব্যে পর্যটনমন্ত্রী বলেন, নেপালের পর্যটনমন্ত্রীর সঙ্গে মুসা ইব্রাহীমের আলোচনায় যেসব সুপারিশ উঠে এসেছে, বাংলাদেশের পর্যটনশিল্পের উন্নয়নে তা কাজে লাগানো হবে।সভায় মুসা ইব্রাহীম জানান, তাওহীদ হোসেনের নেতৃত্বে সংগঠনের ছয় সদস্য গত ১০ নভেম্বর চুলু ইস্ট শৃঙ্গে আরোহণ করেন। দলের বাকি সদস্যরা হলেন লিপটন সরকার, সিফাত ফাহমিদা, পারভেজ রশিদ, বদরুদ্দিন ওমর ও মুসা ইব্রাহীম। বেস ক্যাম্পে ৬ নভেম্বর থেকে সদস্যদের পর্বতারোহণের বিভিন্ন কৌশল অনুশীলন করানো হয়। এঁদের মধ্যে দুজন ছিলেন নতুন সদস্য। সাড়ে ১৪ হাজার ফুট উচ্চতায় অবস্থিত বেস ক্যাম্প থেকে রওনা দিয়ে ১০ নভেম্বর দুপুরে চুলু ইস্ট শৃঙ্গ জয় করে বাংলাদেশের পতাকা ওড়ান এনএসিবির সদস্যরা। সংগঠনটির এই অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউনাইটেড এয়ারওয়েজ সহযোগিতা করেছে।