চুড়ির দোকানে তরুণীদের ভিড়
মেয়েদের সব রকমের পোশাক এবং তার সঙ্গে মিলিয়ে চুড়ি, অলংকার সেট, কসমেটিকসসহ প্রয়োজনীয় সব সামগ্রীর নির্ভরযোগ্য বিপণিকেন্দ্র চট্টগ্রামের সেন্ট্রাল প্লাজা। আর এই বিপণিবিতানের মূল ক্রেতা তরুণী ও নারীরা। গতকাল বৃহস্পতিবার বিশ্বদ্যািলয়ের শিক্ষার্থী তাসনুভা তাবাসসুম দল বেঁধে বান্ধবীদের নিয়ে এসেছেন পোশাকের সঙ্গে মিলিয়ে অলংকার এবং জুতা কেনার জন্য।তাঁরা জানান, সবারই ঈদের পোশাক কেনা শেষ। এখন শুধু বিপণিবিতান ঘুরে ঘুরে পছন্দমতো গয়না, জুতা আর ব্যাগ কিনবেন।আপন ক্রাফেটর স্বত্বাধিকারী জহিরউদ্দিন সুমন বলেন, শুরুর দিকে এই বিপণিকেন্দ্রে থান কাপড়ের বাজার সরগরম থাকলেও চাঁদরাত পর্যন্ত ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে তৈরি পোশাক, গয়না, ব্যাগ এবং জুতার দোকানেই। তিনি বলেন, গয়না, জুতা আর ব্যাগের দোকানেও ভিড় ছিল চোখে পড়ার মতো।ওফেলিয়া, নোলকসহ বেশ কয়েকটি অলংকারের শোরুমের বিক্রেতারা জানান, ইমিটেশনের জুয়েলারিতে এবারে যোগ হয়েছে নতুন ধাঁচের ডিজাইন।এবারে ডায়মন্ড কাটিংয়ের পাথরের চুড়ির কদর বেশি। যেকোনো অভিজাত পোশাকের মঙ্গে মিলিয়ে পরতে পাথরের বিভিন্ন অলংকারের জুড়ি নেই।তাই তরুণী-মহিলাদের কাছে বিভিন্ন রঙের পাথরের গয়নার চাহিদাও বেশি। ছোট, মাঝারি এবং বড় আকারের বিভিন্ন ধরনের কানের দুল ২৯০ থেকে এক হাজার ৬৮০ টাকা, পাথরের দুই থেকে ছয়টি পর্যন্ত চুড়ির সেট দুই হাজার থেকে ছয় হাজার টাকা। কান এবং গলার সেটের মূল্য ৯৮০ থেকে সাত হাজার টাকা পর্যন্ত।দ্বিতীয় তলায় শিশুদের পোশাকের দোকানেও ভিড় ছিল। শিশুদের পোশাকেও এবারে লং কাটের পোশাকের প্রচলন বেশি।মেয়েদের টপস-স্কার্ট, ডিভাইডার, লং ফ্রক পোশাকের চাহিদা বেশি। এগুলোর দাম এক হাজার ২০০ থেকে চার হাজার টাকা পর্যন্ত। ছেলেদের শার্ট-প্যান্ট সেট ৬০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত।