চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসে ১১ পদের ছয়টিই শূন্য
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের চুয়াডাঙ্গা আঞ্চলিক কার্যালয়ের ১১টি পদের মধ্যে গুরুত্বপূর্ণ ছয়টি পদে দীর্ঘদিন ধরে কোনো লোকবল নেই। মাত্র পাঁচজন দিয়ে কোনোমতে চলছে এ কার্যালয়।গত সোমবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ এলাকায় ১৯৮১ সালে দেড় একর জমির ওপর প্রথম শ্রেণীর এই পর্যবেক্ষণাগারটি স্থাপিত হয়। এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে একজন সহকারী, দুজন উচ্চ পর্যবেক্ষক, দুজন পর্যবেক্ষক ও একজন বেলুন মেকারের পদ শূন্য রয়েছে। লোকবল-শূন্যতার কারণে একজন আবহাওয়া সহকারী, একজন উচ্চ পর্যবেক্ষক, একজন পর্যবেক্ষক ও দুজন বেলুন মেকার দিয়ে দিনরাত আবহাওয়া পর্যবেক্ষণ করা হয়ে থাকে। এ ছাড়া মাস্টাররোলে একজন চৌকিদার ও একজন ঝাড়ুদার রাখা হয়েছে।এই আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবহাওয়া সহকারী জাহিদুল ইসলাম জানান, এখান থেকে বৃহত্তর কুষ্টিয়ার তিনটি জেলা চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ার আবহাওয়া পর্যবেক্ষণ করা হয়। এখান থেকে বৃষ্টিপাতের পরিমাণ, বাতাসের গতি, বাতাসের আর্দ্রতা, তাপমাত্রা, সূর্যের কিরণ মাপা এবং মাটির তাপমাত্রা নির্ণয় করা হয়।