চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় বিদ্যুৎ কার্যালয়ে হামলা ভাঙচুর আগুন
বিশ্বকাপ ফুটবলে গতকাল শনিবার রাতে আর্জেন্টিনা ও নাইজেরিয়ার খেলার সময় লোডশেডিং শুরু হওয়ায় চুয়াডাঙ্গা এবং আলমডাঙ্গা বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ লোকজন।প্রত্যক্ষদর্শীরা জানান, আর্জেন্টিনা ও নাইজেরিয়ার খেলা চলার সময় রাত নয়টার দিকে লোডশেডিং শুরু হয়। এর পরই বিক্ষুব্ধ লোকজন চুয়াডাঙ্গা বিদ্যুৎ অফিসে হামলা চালায়। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিপেটা করে লোকজনকে ছত্রভঙ্গ করে দেয়। একই সময়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা বিদ্যুৎ কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে বিক্ষুব্ধ লোকজন। পরে তাঁরা কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে কার্যালয়ের আসবাব, কম্পিউটার ও কাগজপত্র ও আবাসিক প্রকৌশলীর একটি মোটরসাইকেল পুড়ে যায়। দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলের কাছে পৌঁছাতেই লোকজন সেই গাড়িতেও হামলা চালায়। ৪৫ মিনিট চেষ্টা করেও তারা আগুনের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়। পরে পুলিশ বিক্ষুব্ধ লোকজনের ওপর পাঁচটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলামও ঘটনা নিশ্চিত করে জানান, জেলার সব বিদ্যুৎ স্থাপনা ও কার্যালয়ের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।