চুয়াডাঙ্গা ও ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
চুয়াডাঙ্গায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহীসহ তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার শংকরচন্দ্র ও দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে এ দুটি দুর্ঘটনা ঘটে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গতকাল বাসের ধাক্কায় নছিমনের চালক নিহত হয়েছেন। চুয়াডাঙ্গায় নিহত ব্যক্তিরা হলো, দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের আনোয়ার হোসেন (২৫) সদর উপজেলার আলোকদিয়া গ্রামের নয়ন আলী (২৪) ও ফুলবাড়ী গ্রামের রিসান (৭)। পুলিশ জানায়, বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা থেকে একটি মোটরসাইকেলে করে তিন বন্ধু দর্শনার দিকে যাচ্ছিলেন। চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের চালক আনোয়ার হোসেন, আরোহী নয়ন আলী ঘটনাস্থলেই নিহত এবং অপর আরোহী মাহবুব হোসেন (২৬) আহত হন। এ ছাড়া দুপুর পোনে ১২টার দিকে সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামে আলমসাধুর চাপায় রিসান হোসেন (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়। রিসান স্থানীয় মনিরা কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র এবং পার্শ্ববর্তী ফুলবাড়ী গ্রামের বাবলু জোয়ার্দ্দারের ছেলে। ফরিদপুর: ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের কলাতলা গ্রামে গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে একটি বাস একটি নছিমনকে ধাক্কা দেয়। এতে নছিমনের চালক উপজেলার বামনকান্দা গ্রামের রবিউল ইসলাম (২০) নিহত হন। এ সময় নছিমনের আরোহী রবিউলের ভাই রিপন (২৫) আহত হন। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।