চুয়াডাঙ্গা ও মাগুরায় সংঘর্ষে আহত ১৫
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা নিয়ে গতকাল শনিবার আওয়ামী লীগের দুই নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে আটজন আহত হয়েছেন। এদিকে গত শুক্রবার রাতে মাগুরার শ্রীপুর উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছেন৷
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে জানা গেছে, ২৫ জুন নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচনী তফশিল ঘোষণা করা হয়। এতে ২৬ থেকে ২৯ জুন মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেওয়ার দিন ধার্য করা হয় এবং ১১ জুলাই ভোটের দিন ধার্য করা হয়৷
স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের তফশিল ঘোষণার পর থেকেই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আজিজুল হক ও নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্যালয়ের বর্তমান সভাপতি জাফর আলীর অনুসারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়৷ এলাকাবাসী সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করলে প্রশাসনিকভাবে উদ্যোগও নেওয়া হয়। গতকাল দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনসহ দামুড়হুদা থানা এবং ভগীরথপুর ক্যাম্প থেকে বিপুলসংখ্যক পুলিশ বিদ্যালয় চত্বরে সতর্ক অবস্থায় থাকলেও মনোনয়নপত্র উত্তোলন নিয়ে ওই দুই নেতার অনুসারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন৷ এতে কমপক্ষে আটজন আহত হন৷ তাঁদের মধ্যে নাসেম আলী, নিজাম উদ্দিন এবং বাদল হোসেনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে৷
ইউএনও ফরিদুর রহমান বলেন, সংঘর্ষের আশঙ্কায় গতকাল সকাল থেকেই বিদ্যালয় চত্বর ও আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়৷ কিন্তু বিদ্যালয় থেকে অনেক দূরে সংঘর্ষের ঘটনা ঘটে। দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার মশিউর রহমান বলেন, এ ঘটনায় কোনো পক্ষই থানায় মামলা করেনি৷
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার শ্রীকোল ইউনিয়নের মর্তুজাপুর গ্রামের জিন্নাহ মোল্লার সঙ্গে একই গ্রামের মো. মঈনুদ্দিনের কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে জিন্নাহর আত্মীয় বরিশাট গ্রামের আনোয়ার হোসেন ও তাঁর ছেলেরা শুক্রবার সন্ধ্যায় গাংনালিয়া বাজার এলাকায় মো. মঈনুদ্দিনের সমর্থক ইসমাইল হোসেনকে বেধড়ক মারধর করেন। এ খবর মর্তুজাপুর গ্রামে ছড়িয়ে পড়লে ইসমাইল হোসেনের সমর্থকেরা গাংনালিয়া বাজারে গিয়ে আনোয়ার হোসেনকে ধরে মর্তুজাপুর গ্রামে নিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এরপর দুই গ্রামের সহস্রাধিক বাসিন্দা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে সাতজন আহত হন৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে শটগানের চারটি গুলি ছোড়ে। এ ঘট্নায় গতকাল দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।