চুয়াডাঙ্গা ও যশোরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়িয়ায় গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। একই দিনে যশোরের অভয়নগর উপজেলায় নছিমনের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়নগর গ্রামের রাকিবুল ইসলাম (২২) ও যশোরের অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামের ফাহিম হোসেন (৫)।
চুয়াডাঙ্গায় দুর্ঘটনার শিকার মোটরসাইকেলের আরোহী আহত আসিফ হোসেন বলেন, গতকাল বিকেলে মোটরসাইকেলে করে তাঁরা তিন বন্ধু জীবননগর যাচ্ছিলেন। রাকিবুল মোটরসাইকেল চালাচ্ছিলেন। চুয়াডাঙ্গা-জীবননগর মহাসড়কের আকন্দবাড়িয়া বটতলায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি বাস প্রথমে তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তাঁরা পড়ে গিয়ে আহত হন। বাসটি এ সময় পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ফলে এর পাঁচজন যাত্রী আহত হন।
খবর পেয়ে চুয়াডাঙ্গা ও দর্শনা থেকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। তারা আহত ব্যক্তিদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক সউদ কবীর মালিক রাকিবুলকে মৃত ঘোষণা করেন।
যশোরে নিহত শিশু ফাহিমের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ফাহিম বাড়ির সামনে শংকরপাশা-আমতলা সড়কের পাশে খেলছিল। এ সময় নড়াইলগামী একটি নছিমন তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে ফাহিমের মৃত্যু হয়।
বাসুয়াড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, শিশুমৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছে।