চুয়াডাঙ্গা ও শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঘের হাড় কাঁপানো শীত আর অব্যাহত শৈত্যপ্রবাহে দেশের কয়েকটি জেলার জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। এ অবস্থায় আজ মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং চুয়াডাঙ্গায়। আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ খবর পাওয়া গেছে।

প্রথম আলোর মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা প্রতিনিধির পাঠানো খবর—

শ্রীমঙ্গল
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকাল নয়টার দিকে এ তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জানুয়ারি মাসে এটাই সর্বনিম্ন তাপমাত্রা। শ্রীমঙ্গল ছাড়া আজ চুয়াডাঙ্গায় একই মাত্রার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।’

চুয়াডাঙ্গা
একদিন বাদে আজ আবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা গতকাল সোমবারের চেয়ে দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস কম। এর আগে গত রোববারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এ জেলায়।
আবহাওয়া পর্যবেক্ষণাগার চুয়াডাঙ্গার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আগামীকাল বুধবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে, শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।’