চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কে পরিবহন ধর্মঘট, বিপাকে যাত্রীরা
চুয়াডাঙ্গা-কুষ্টিয়া সড়কে গতকাল শুক্রবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছেন পরিবহন শ্রমিকেরা। আকস্মিক এ ধর্মঘটের কারণে গতকাল শুক্রবার বিপাকে পড়ে শত শত যাত্রী। চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখা এ ধর্মঘট শুরু করে। গত বৃহস্পতিবার রাতে তিন শ্রমিক নেতাকে নছিমনচালকদের মারধরের প্রতিবাদ, হামলাকারী ব্যক্তিদের গ্রেপ্তার এবং অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে গতকাল সকাল থেকে এ ধর্মঘট শুরু করা হয়। পুলিশ ও শ্রমিকনেতাদের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাত নয়টার দিকে আলমডাঙ্গার পশুহাটের কাছে ভাড়া নিয়ে নছিমনচালকের সঙ্গে কয়েকজন যাত্রীর বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতা এগিয়ে গেলে নছিমনচালকেরা সংগঠিত হয়ে লাঠিসোঁটা নিয়ে তাঁদের ওপর হামলা চালান। হামলায় আহত হন আলমডাঙ্গা শ্রমিক ইউনিয়নের সভাপতি আইনাল হক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও সহসম্পাদক জহুরুল ইসলাম। এ ঘটনায় শ্রমিকনেতা আইনাল হক গতকাল সকালে নছিমনচালক রাজ্জাক, দাউদ ও কাওসারের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে আলমডাঙ্গা থানায় একটি মামলা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ধর্মঘট চলাকালে শ্রমিকেরা গতকাল দিনভর আলমডাঙ্গা শহরের মোড়ে মোড়ে অবস্থান নেন। তাঁরা নছিমন, করিমন ও আলম সাধুসহ সব ধরনের অবৈধ যানবাহন চলাচলে বাধা দেন। এ ছাড়া তাঁরা শহরে খণ্ড খণ্ড মিছিল বের করেন। আকস্মিক এ ধর্মঘটের কারণে যাত্রীসাধারণকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তার ও অবৈধ যানবাহন বন্ধ না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শ্রমিকনেতারা। আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মালেক মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।