চুয়াডাঙ্গা জেলা ডিবির পাঁচ সদস্যসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজি, প্রাণনাশের হুমকি ও সম্মানহানির অভিযোগে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচ সদস্যসহ আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা সহকারী জজ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) জহুরুল ইসলাম বাদী হয়ে চুয়াডাঙ্গা আমলি আদালত ‘ক’ অঞ্চলে এ মামলা করেন। বিচারক শেখ মো. আমিনুল ইসলাম মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হলেন: গোয়েন্দা উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) শামসুল হক, কনস্টেবল শাহীন, সামছুল হক ও সাইদুর রহমান। অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়েছে। এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার রাত সাড়ে আটটার দিকে আসামিরা সাদা পোশাকে চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ আদর্শ উচ্চবিদ্যালয়ের সামনে রাস্তার ওপর অবস্থান করছিলেন। এ সময় ওই পথ দিয়ে মামলার বাদী শহরের বড়বাজার পাড়ার রাব্বিউল কাদেরকে নিয়ে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। আসামিরা মোটরসাইকেল থামিয়ে তাঁদের শরীর তল্লাশি করেন। কিছু না পেয়ে আসামিরা অকথ্য ভাষায় গালিগালাজ, মারধর ও ৫০ হাজার টাকা দাবি করেন। পরে আসামিরা তাঁদের ডিবি কার্যালয়ে ধরে নিয়ে যান এবং রাত তিনটা পর্যন্ত আটকে রেখে নির্যাতন করেন। বিষয়টি জানাজানি হয়ে গেলে রাত তিনটার পর প্রাণনাশের হুমকি দিয়ে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে তাঁদের ছেড়ে দেওয়া হয়। অভিযুক্ত এসআই জিয়াউর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়।’