চুয়াডাঙ্গা-ঝিনাইদহ বাসমালিকদের দ্বন্দ্বে যাত্রীদের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়। ছবি: প্রথম আলো।
চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়। ছবি: প্রথম আলো।

দুই জেলার বাসমালিকদের দ্বন্দ্বে দুর্ভোগে রাস্তায় চলাচলকারী মানুষ। দুই জেলা চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের মালিক সমিতির দ্বন্দ্বে টানা পাঁচ দিন ধরে বাস চলাচল করছে না। চুয়াডাঙ্গা থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ ১৩টি পথে বাস ছাড়তে পারছেন না মালিকেরা।

চুয়াডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল এবং শহরের প্রধান তিনটি বাসস্ট্যান্ডে সরেজমিনে যাত্রীদের দুর্ভোগ দেখা যায়। বাস চলাচল না করায় অটোরিকশা, ইজিবাইক, নছিমন, করিমন ও ভটভটিতে চড়ে যাত্রীরা ঝিনাইদহ, মেহেরপুর, জীবন নগরসহ অভ্যন্তরীণ পথে চলাচল করছে। ঢাকাসহ দূরপাল্লার যাত্রীরা ঝিনাইদহ থেকে বাসে উঠছেন। কেউ কেউ ট্রেনে চলাচল করছেন। ট্রেনে যাত্রীর সংখ্যা বেড়ে গেছে।

চুয়াডাঙ্গা রেলস্টেশনে দাঁড়িয়ে কথা হয় ঢাকার উত্তরার বাসিন্দা আসলাম হোসেনের সঙ্গে। বাস ধর্মঘটের কারণে ট্রেনে ঢাকা যাবেন তিনি। কিন্তু আসন না পাওয়ায় দীর্ঘ এ পথ তাঁকে দাঁড়িয়েই যেতে হবে বলে জানালেন।

স্টেশনমাস্টার আনোয়ার সাদাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসনের চেয়ে কয়েক গুণ বেশি যাত্রী নিয়মিত চলাচল করছে ট্রেনে।

চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি মো. সালাউদ্দিনের মালিকানাধীন রয়েল এক্সপ্রেস বাসের পটুয়াখালী চলাচল নিয়ে ঝিনাইদহের মালিক সমিতির সঙ্গে দ্বন্দ্ব দেখা দেয়। পটুয়াখালীগামী ট্রিপ অনুমোদন না দেওয়ায় চুয়াডাঙ্গার মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোয় লিখিত অভিযোগ দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে ঝিনাইদহের পরিবহন মালিক-শ্রমিকেরা মিলে গত সোমবার রয়েল এক্সপ্রেসের সব বাস ঝিনাইদহ থেকে ফিরিয়ে দেন। ওই ঘটনার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দেয়।

মো. সালাউদ্দিন জানান, যোগাযোগের চেষ্টা করেও ঝিনাইদহ মালিকদের পক্ষ থেকে ইতিবাচক কোনো সাড়া মেলেনি। চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক রিপন মণ্ডল জানান, বিষয়টি নিয়ে আঞ্চলিক নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে।