চুয়াডাঙ্গা-ঢাকা পথে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে ঢাকা থেকে চুয়াডাঙ্গা এবং ঈদের পরে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাতায়াতের জন্য যাত্রীদের কাছে অতিরিক্ত দামে টিকিট বিক্রি করা হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করাসহ অন্যান্য অজুহাত দেখিয়ে বাসের মালিকেরা এভাবে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অন্যবার ঈদের এক সপ্তাহ আগে ভাড়া বাড়ানো হলেও এবার ঈদের ১২ দিন আগে থেকেই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এতে নিয়মিত যাত্রীদের পাশাপাশি ঈদে ঘরমুখো যাত্রীরা বিপাকে পড়েছেন।যাত্রীদের অভিযোগ, নিরাপত্তাসহ বিভিন্ন অজুহাতে পরিবহন মালিকেরা বাড়তি ভাড়া আদায় করলেও যাত্রীদের নিরাপত্তামূলক কোনো উদ্যোগ চোখে পড়েনি।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-ঢাকার পথে দৈনিক ৬০টি বাস চলাচল করে। এর মধ্যে ৩৭টি বিলাসবহুল ও ২৩টি সাধারণ কোচ। প্রতিটি বাস দৈনিক দুই থেকে তিনবার যাতায়াত করে। সাধারণ সময়ে ঢাকা থেকে চুয়াডাঙ্গা কিংবা চুয়াডাঙ্গা থেকে ঢাকা যাতায়াতের জন্য বিলাসবহুল কোচগুলোতে ২৫০ টাকা ভাড়া আদায় করা হয়। কিন্তু এবার ঈদের ১২ দিন আগে থেকেই (৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত) ঢাকা থেকে চুয়াডাঙ্গা যাতায়াতের জন্য যাত্রীপ্রতি ৩০০ টাকা এবং ১১ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ৩৮০ টাকা আদায় করা হচ্ছে। যাত্রীরা একপ্রকার বাধ্য হয়েই এই অতিরিক্ত ভাড়া গুনছেন।যাত্রীরা অভিযোগ করেন, ঈদের পরবর্তী ১০ দিনের জন্য অর্থাৎ ২৭ নভেম্বর পর্যন্ত চুয়াডাঙ্গা থেকে ঢাকা আসার জন্য তাঁদের ৩৮০ টাকা দিয়ে টিকিট কিনতে হচ্ছে। এ ছাড়া সাধারণ কোচগুলোতে অন্য সময় ১৫০ টাকা হিসেবে আদায় করা হলেও ঈদ উপলক্ষে যাত্রীপ্রতি ৩০০ টাকা হারে আদায় করা হচ্ছে।ঢাকা থেকে চুয়াডাঙ্গায় যাতায়াতের যাত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, ঈদে এমনিতেই মানুষের বাড়তি খরচ হয়। তার ওপর বাড়তি ভাড়া আদায় অসহনীয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাসের মালিকেরা দাবি করেন, চুয়াডাঙ্গা-ঢাকার পথে চলাচলকারী বিলাসবহুল বাসগুলোতে ভাড়া বরাবরই ৩৮০ টাকা ছিল। কিন্তু বিলাসবহুল বাসের মালিকেরা যাত্রীদের স্বার্থের কথা বিবেচনা করে এত দিন ২৫০ টাকা হারে ভাড়া নিয়ে আসছিলেন।সাধারণ বাসের মালিকেরা জানান, ঈদের আগে ও পরে যাত্রী চলাচল একমুখী হওয়ায় প্রচলিত ভাড়া নিলে লোকসান গুনতে হয়। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন জায়গায় পুলিশি টহল বাড়াতে খরচপাতির প্রয়োজন হয়। সে কারণে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি ওয়াছি উদ্দিন জানান, ভাড়া বৃদ্ধির বিষয়ে তাঁদের কোনো হাত নেই। ঢাকায় মালিক সমিতির যৌথ সভায় তাঁদের বাড়তি ভাড়া আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।