চুয়াডাঙ্গা থেকে যশোর-খুলনায় চার মাস বাস চলাচল বন্ধ
চুয়াডাঙ্গা থেকে যশোর ও খুলনায় সরাসরি বাস চলাচল দীর্ঘ চার মাস ধরে বন্ধ রয়েছে। চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের কালিগঞ্জ পরিবহন মালিক ও শ্রমিকদের দ্বন্দ্বের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর ও খুলনা জেলার যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ ও জীবননগর হয়ে যশোর ও খুলনা পর্যন্ত দীর্ঘ দিন ধরে চুয়াডাঙ্গা, কালিগঞ্জ ও যশোর মালিক সমিতির শতাধিক বাস সরাসরি চলাচল করে আসছিল। গত বছরের ১৫ ডিসেম্বর মালিক সমিতির ট্রিপ নিয়ে যশোর টার্মিনালে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের কালিগঞ্জের দুই শ্রমিকের মধ্যে মারামারি হয়। পরদিন চুয়াডাঙ্গার মালিক ও শ্রমিকেরা তাঁদের জেলার সীমানা হাসাদহ বাজার পর্যন্ত বাস চালানো শুরু করে এবং কালিগঞ্জ ও যশোর মালিক সমিতির বাস চুয়াডাঙ্গায় প্রবেশে বাধা সৃষ্টি করে। এতে কালিগঞ্জ ও যশোরের বাসগুলোও হাসাদহ বাজার থেকে বিপরীত দিকে চলতে থাকে। সরেজমিনে আলোচিত হাসাদহ বাজারে গিয়ে দেখা গেছে, চুয়াডাঙ্গা ও যশোর অভিমুখে বাস ছাড়ার জন্য এখানে যে দুটি স্ট্যান্ড করা হয় তার একটি থেকে আরেকটির দূরত্ব প্রায় ৫০০ মিটার। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের এক স্ট্যান্ড থেকে আরেক স্ট্যান্ডে তীব্র রোদের মধ্যে হেঁটে যেতে হচ্ছে। চুয়াডাঙ্গা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, চুয়াডাঙ্গার দুজন এবং ঝিনাইদহের কালিগঞ্জের সাংসদ মিলে বিষয়টির স্থায়ী সমাধান না করা পর্যন্ত সরাসরি বাস ও মিনিবাস চলবে না। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ভোলানাথ দে বলেন, ‘আমি ঝিনাইদহ জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। শিগগিরই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’