চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হামলার ঘটনায় হুইপের নিন্দা
‘চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হামলার ঘটনা নিন্দনীয় ও দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার। হুইপ গতকাল শুক্রবার দুপুরে প্রেসক্লাব পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই মন্তব্য করেন।
হুইপ সোলায়মান গত ২২ অক্টোবর চিকিৎসার জন্য ভারতে যান। পরদিন ২৩ অক্টোবর যুবলীগের একাংশের মিছিল থেকে প্রেসক্লাবে হামলা, ভাঙচুর ও সাংবাদিকদের মারধরের ঘটনা ঘটে।
ওই সময় অন্তত চারজন সাংবাদিক আহত হন। ঘটনার পর থেকে সাংবাদিকেরা থানায় নিয়মিত মামলা দায়েরসহ ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালন করে আসছেন। প্রেসক্লাবে হামলার ঘটনায় পুলিশ বৃহস্পতিবার রাতে যুবলীগ কর্মী সালাহ উদ্দিন খান ও আলিফ হোসেনকে গ্রেপ্তার করে। এই নিয়ে হামলার ঘটনায় ছয়জন গ্রেপ্তার হলেন।
হুইপ সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘এটা নিন্দনীয় ও দুঃখজনক ঘটনা। বিগত ছয় বছর ও তাঁর আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় দু-একজন সাংবাদিকের সঙ্গে কারও কারও মনোমালিন্য ও বিষোদ্গারের ঘটনা ঘটলেও প্রেসক্লাবে কখনো হামলার ঘটনা ঘটেনি। এটা অনাকাঙ্ক্ষিত—যা সারা দেশে আজ পর্যন্ত ঘটেনি। এককথায় বলব, এটা ভালো কাজ হয়নি। এটা নিন্দনীয়। আমি দুঃখ প্রকাশ করছি।’
মতবিনিময়কালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নানসহ দলের জ্যেষ্ঠ নেতা ও প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।