চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে কর্মসূচি

চুয়াডাঙ্গা প্রেসক্লাবে হামলা, ভাঙচুর ও সাংবাদিকদের মারপিট করার মামলায় পুলিশ এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল শুক্রবার সাংবাদিকেরা মানববন্ধন, মৌন মিছিল, থানায় গণজিডি ও থানা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেছেন।
গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন আজম, রাব্বী, তপন ও সেতু। তাঁরা সবাই জেলা যুবলীগের কর্মী ও মামলার এজাহারভুক্ত আসামি।
হামলার ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিকেরা গতকাল সকালে প্রেসক্লাবে সমবেত হন। সকাল ১০টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এরপর বেলা ১১টায় প্রেসক্লাবের সামনে থেকে মৌন মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর থানা চত্বরে গিয়ে শেষ হয়।
এরপর চুয়াডাঙ্গায় কর্মরত ৪৭ জন সাংবাদিক তাঁদের নিরাপত্তা চেয়ে থানায় গণজিডি করেন। দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত থানা চত্বরে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচি চলাকালে প্রেসক্লাবের সভাপতি মাহতাব উদ্দিন, সাধারণ সম্পাদক সরদার আল আমিন, জ্যেষ্ঠ সাংবাদিক আজাদ মালিথা ও শেখ সেলিম বক্তব্য দেন। বক্তারা প্রেসক্লাবে হামলা ও সাংবাদিক নির্যাতনকারী আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।