চুয়াডাঙ্গা-মেহেরপুর সরাসরি বাস চলাচল বন্ধ চার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই জেলার পরিবহন মালিক সমিতির দ্বন্দ্বের জেরে চুয়াডাঙ্গা-মেহেরপুর পথে চার দিন ধরে সরাসরি যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ওই পথে চলাচলকারী হাজারো যাত্রী চরম দুর্ভোগে পড়েছে। রোজার মাসে যাত্রীদের দুর্ভোগের মাত্রা আরও বেড়েছে।
কাউন্টারে চাঁদা আদায়কে কেন্দ্র করে দ্বন্দ্বের সূত্রপাত, যা চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপ ও মেহেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতারা স্বীকারও করেছেন। এ জন্য তাঁরা পরস্পরকে দায়ী করে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
এদিকে চুয়াডাঙ্গার পরিবহনমালিকেরা মেহেরপুরের মালিকদের বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার মধ্যে চাঁদা আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহার করার এবং সরাসরি বাস চালানোর আহ্বান জানিয়েছেন। তা না হলে শুক্রবার সকাল ছয়টা থেকে চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে ঢাকা, খুলনা ও বরিশাল পথে চলাচলকারী মেহেরপুরের মালিকদের বাসগুলোও বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন জ্যেষ্ঠ সহসভাপতি মো. আবদুল হালিম। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা-মেহেরপুর পথে দুই জেলার মালিকদের বাস চলাচল করছে। বরাবরই মেহেরপুরের মালিক সমিতি চুয়াডাঙ্গার মালিকদের ব্যবসা নষ্টের পাঁয়তারা চালিয়ে আসছে। মেহেরপুর মালিক সমিতির কয়েকজন সাধারণ সদস্য সম্প্রতি সেখানে চুয়াডাঙ্গার মালিকদের বাসের ট্রিপপ্রতি ৬০ টাকা হারে চাঁদা দাবি করেন। দাবি করা চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ৬ জুন সকাল সাড়ে নয়টায় চুয়াডাঙ্গার ছয়টি বাসকে যাত্রী ছাড়া ফেরত পাঠায়। এরপর থেকে উভয় জেলার সীমান্ত গ্রাম দরবেশপুর পর্যন্ত চলাচল করছে।
ওই পরিবহননেতা আরও দাবি করেন, যাত্রীদের সমস্যার কথা বিবেচনা করে সরাসরি বাস চলাচলের জন্য মেহেরপুরের মালিকদের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া মেলেনি। এমনকি চুয়াডাঙ্গার পুলিশ সুপারের মাধ্যমে মেহেরপুরের প্রশাসনকে অবগত করা হলেও কার্যকর কিছুই হয়নি।
মেহেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল এ প্রসঙ্গে বলেন, এক মাস আগে উভয় পক্ষের বৈঠকে সিদ্ধান্ত হয়, যেকোনো জেলার গাড়ি থেকে অন্য জেলার কাউন্টারে টাকা আদায় করা হবে না। অথচ চুয়াডাঙ্গায় কাউন্টারে মেহেরপুরের গাড়িগুলো থেকে জোরপূর্বক ট্রিপপ্রতি ৬০ টাকা হারে আদায় করা হয়। চুয়াডাঙ্গার মালিকদের টাকা আদায় বন্ধের আহ্বান জানালেও তা বন্ধ হয়নি। বাধ্য হয়ে মেহেরপুরের সাধারণ ব্যবসায়ীরাও টাকা আদায় শুরু করেন। এতেই দ্বন্দ্বের শুরু এবং শেষ পর্যন্ত সরাসরি বাস চলাচল বন্ধ।