পুলিশের হাতে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে পরিবহনশ্রমিকেরা গতকাল শনিবার চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে ধর্মঘট পালন করেছেন। এ কারণে বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত ওই সড়কে কোনো বাস চলাচল করেনি। নির্যাতিত শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মেহেরপুর থেকে মা পরিবহনের একটি যাত্রীবাহী বাস চুয়াডাঙ্গায় যাচ্ছিল। সকাল সাড়ে ১০টার দিকে এটি আলমডাঙ্গা উপজেলার ভালাইপুর মোড়ে পৌঁছালে পুলিশের একটি গাড়িকে পাশ কাটানো নিয়ে দুই পক্ষ বিরোধে জাড়িয়ে পড়ে। স্থানীয় গোকুলখালী ক্যাম্পের দুই সদস্য বাসটি থামিয়ে বাসচালক তাহাজ্জেত আলী (৫০), সুপারভাইজার আবদুল কুদ্দুস (৪৮) ও সহকারী ইমরানকে (৩০) লাঞ্ছিত করেন। পরে এ ঘটনার প্রতিবাদে জেলা পরিবহনশ্রমিকেরা জরুরি বৈঠকে বসে বেলা ১১টা থেকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এ অবস্থায় চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে ত্রি-পক্ষীয় এক সভা বসে। সভায় বিষয়টির মীমাংসা হলে রাত আটটার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।