বছরের শেষে শীতের দিনটি গতকাল বুধবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরের জনজীবনে আনন্দঘন উৎসবে পরিণত হয়েছিল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে। এ দুই জেলায় পাঁচটি পৌরসভার নির্বাচন হয়েছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে। কোথাও কোনো উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটাররা নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এক কালের বিএনপির ঘাঁটি বলে পরিচিত এ দুই জেলায় পৌর নির্বাচনের প্রাথমিক ফলে দেখা গেছে, বিএনপির প্রার্থীরা জিততে পারেননি। প্রাথমিক বেসরকারি ফলে দর্শনা ও আলমডাঙ্গায় আওয়ামী লীগের প্রার্থী মতিয়ার রহমান ও হাসান কাদির এবং চুয়াডাঙ্গায় ওবাইদুর রহমান চৌধুরী, জীবননগরে জাহাঙ্গীর আলম ও গাংনীতে আশরাফুল ইসলাম—আওয়ামী লীগের এই তিন বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন।
এ এলাকায় কনকনে শীত। ভোরে বেশ ঘন কুয়াশা। আবহাওয়া অধিদপ্তর গতকাল চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ভোট গ্রহণ শুরু হয়েছিল সকাল আটটা থেকে। চাদর, টুপি, মাফলারসহ গায়ে বিভিন্ন গরম কাপড় জড়িয়ে সাতসকালেই ভোটাররা ছোট ছোট দলে ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন ভোটকেন্দ্রগুলোর উদ্দেশে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায়ে রাখতে নিরাপত্তাব্যবস্থা ছিল কঠোর। ফলে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা কাজ করেনি ভোটারদের মনে। চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রে সকাল নয়টায় ভোট দিয়ে বেরিয়ে আসার সময় ক্ষুদ্র ব্যবসায়ী মো. ফিরোজ প্রথম আলোকে বলেন, ‘এইবার মনে হচ্ছে পুলিশ সত্যি সত্যি জনগণের বন্ধু হয়েছে।’
গতকাল চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা ও মেহেরপুরের গাংনী পৌরসভার ভোটকেন্দ্রগুলোতে ঘুরে দেখা গেছে, প্রতিটি কেন্দ্রেই সকাল থেকে ভোটারদের লম্বা সারি ছিল। প্রতিটি পৌর শহরেই ছিল ছুটির দিনের আমেজ। অধিকাংশ দোকানপাট বন্ধ। পথে যানবাহন ছিল সামান্য। দলে দলে নারী-পুরুষ খোশমেজাজে গল্প করতে করতে ভোট দিতে যাচ্ছেন বা দিয়ে ফিরছেন। ভোটকেন্দ্রগুলোর সামনে, বিশেষত আলমডাঙ্গা ও গাংনীতে গ্রামীণ মেলার আদলে চা ও হালকা খাবারের দোকান বসে যায়। এসব দোকানকে কেন্দ্র করে আড্ডা জমজমাট হয়ে ওঠে। চুয়াডাঙ্গা শহরের মেসার্স মোজাম্মেল হক ফিলিং স্টেশনের কর্মী ইসাহাক আলী বলেন, চুয়াডাঙ্গায় গত বছর দশেকের ভেতর এত সুষ্ঠু ভোট তিনি দেখেননি।
চুয়াডাঙ্গার জেলা প্রশাসক সায়মা ইউনুস প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। জেলা প্রশাসনের সাতজন ম্যাজিস্ট্রেট ছাড়াও অতিরিক্ত ২৭ জন ম্যাজিস্ট্রেট দেওয়া হয়েছিল। তাঁদের নেতৃত্বে ভ্রাম্যমাণ দল কেন্দ্রগুলোতে গিয়ে নির্বাচন তদারক করেছেন।
চুয়াডাঙ্গায় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে মূলত আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তরুণ (যুবলীগ) নেতা ওবাইদুর রহমান চৌধুরীর (মোবাইল ফোন) সঙ্গে আওয়ামী লীগের প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়াদ্দারের। অন্য প্রার্থীদের মধ্যে ছিলেন বিএনপির খন্দকার আবদুল জব্বার (ধানের শীষ) ও ইসলামী আন্দোলনের তুষার ইমরান (হাতপাখা)। এলাকাবাসী ভেবেই রেখেছিলেন ওবাইদুর রহমান জয়ী হবেন। নারীদের মধ্যে এই তরুণ নেতার জনপ্রিয়তা ছিল বেশি। প্রায় প্রতি কেন্দ্রেই নারীদের বুথে তিনি প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক বেশি, এমনকি কোথাও কোথাও দ্বিগুণেরও বেশি ভোট পেয়েছেন। এখানে ভোটারের সংখ্যা ছিল ৬০ হাজার ৬০০।
বেসরকারি ফলে ওবাইদুর রহমান ২৪ হাজার ৯৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের রিয়াজুল ইসলাম জেয়ারদার, পেয়েছেন ১০ হাজার ৫৩ ভোট। ভোট পড়েছে ৭৪ শতাংশ।
আলমডাঙ্গায় উৎসবমুখর ভোট আওয়ামী লীগ জয়ী
হাতে গোনা দু-একটি ছাড়া দোকানপাট সব বন্ধ ছিল। রাস্তায় যানবাহনও তেমন চোখে পড়েনি। তবে দলবেঁধে নারী-পুরুষ যাচ্ছেন ভোটকেন্দ্রের দিকে। কেন্দ্রগুলোর সামনের পরিবেশ গ্রামীণ মেলার মতো। কোথাও কোথাও বসেছে অস্থায়ী চায়ের দোকান। মাটিতে গর্ত করে চুলা তৈরি করে ফুটন্ত তেলে ভাজা হচ্ছে পাঁপড়, পেঁয়াজু। বসেছে শিশুদের খেলনার পসরাও।
আলমডাঙ্গায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। আওয়ামী লীগের হাসান কাদির, বিএনপির মীর মহিউদ্দীন (বর্তমান মেয়র) জাসদের প্রার্থী সবেদ আলী। অন্য তিন প্রার্থী হলেন ন্যাশনাল পিপলস পার্টির রোকসানা পারভিন (আম), স্বতন্ত্র সাদেকুর রহমান (মোবাইল ফোন) ও শামিম আল মামুন (রেল ইঞ্জিন)। পৌরসভায় মোট ভোটার ২৩ হাজার ১৮০। বেলা একটার মধ্যেই প্রায় ৫৫ শতাংশ ভোট পড়েছে বলে জানান রিটার্নিং অফিসার আনিছুর রহমান।
আমরা সকাল ১০টা থেকে আলমডাঙ্গার নওদাবন্ডবিল গোবিন্দপুর হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখেছি, সেখানে নারী ও পুরুষদের বুথে ভোটারদের লম্বা লাইন। প্রিসাইডিং অফিসার হাফিজুর রহমান জানান, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কেন্দ্রের ৩ নম্বর বুথে দেখা গেছে ৩৫১ ভোটের মধ্যে ১৫০টি ভোট পড়েছে।
আলমডাঙ্গা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন ক্যানেলপাড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের নারী ভোটাররা। ডলি রানি পাল ও আরতি বালা জানালেন, তাঁরা নির্বিঘ্নে ভোট দিয়েছেন। প্রতিটি কেন্দ্রেই দেখা গেছে ভোটারের লম্বা লাইন।
এরশাদপুর একাডেমী কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এ এইচ এম শামিমুজ্জামান জানালেন, বরাবর এই কেন্দ্রে একটু গোলযোগের ঘটনা ঘটে। এবারও আশঙ্কা ছিল, কিন্তু তেমন কিছু ঘটেনি। এই কেন্দ্রেই কথা হয়েছে জাসদের মেয়র পদপ্রার্থী সবেদ আলী ও আওয়ামী লীগের প্রার্থী হাসান কাদিরের সঙ্গে। বললেন, তাঁদের কোনো অভিযোগ নেই।
এখানে আওয়ামী লীগের প্রার্থী হাসান কাদির ৭ হাজার ২০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান। বিএনপির মীর মহিউদ্দীন পেয়েছেন ৫ হাজার ১৯০ ভোট। ভোট পড়েছে ৭৬ দশমিক ৫৪ শতাংশ।
জীবননগরে বিদ্রোহী আওয়ামী লীগ জয়ী
জীবননগর পৌরসভায় মেয়র পদপ্রার্থী ছিলেন আওয়ামী লীগের মুন্সি নাসির উদ্দিন, বিএনপির নোয়াব আলী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম (নরিকেল গাছ), স্বতন্ত্র প্রার্থী সাজেদুর রহমান (জগ)। এখানেও শান্তিপূর্ণ ভোট হয়েছে। ভোটারসংখ্যা ১৭ হাজার ৩১৩। প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যে। রিটার্নিং অফিসার নূরুল হাফিজ জানান, প্রাথমিক ফলে ৬ হাজার ৪০৪ ভোট পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নোয়াব আলী পেয়েছেন ৩ হাজার ২৪ ভোট। ভোট পড়েছে ৮১ দশমিক ৬৭ শতাংশ।
দর্শনায় আওয়ামী লীগ জয়ী
দর্শনা পৌরসভায় ভোটার ২৪ হাজার ১৩ জন। মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মতিয়ার রহমান, বিএনপির মহিদুল ইসলাম, স্বতন্ত্র আশকার আলী (জগ)। রিটার্নিং কর্মকর্তা ফরিদুর রহমান জানান, আওয়ামী লীগের মতিয়ার রহমান ১১ হাজার ৮০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র আশকার আলী পেয়েছেন ৩ হাজার ৪৫৯ ভোট।
গাংনীতে (মেহেরপুর) শান্তিপূর্ণ ভোট, বিদ্রোহী আওয়ামী লীগ জয়ী
আশঙ্কা ছিল গোলযোগের। তবে তেমন কিছু ঘটেনি। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখানে নয়টি কেন্দ্রে পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় সকাল আটটা থেকে। বিকেলে গাংনী পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মধ্যে কিছুটা উত্তেজনা ছাড়া আর কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মেহেরপুর জেলায় দুটি—মেহেরপুর সদর ও গাংনী পৌরসভা। এর মধ্যে সদরে ভোট হচ্ছে না। গাংনীতে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আহম্মেদ আলী, বিএনপির প্রার্থী ইনসারুল হক। তাঁরা দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ‘জগ’ প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল ইসলাম। এ ছাড়া ‘লাঙ্গল’ নিয়ে জাতীয় পার্টির এস এম মর্তুজা আলম এবং ‘হাতপাখা’ প্রতীকে ইসলামী আন্দোলনের হুজ্জাতুল ইসলাম মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গাংনীতে পুরুষদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল। চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাসেল নামে একজনকে জাল ভোট দেওয়ার চেষ্টার সময় পুলিশ আটক করে। ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া আরও দুজনকে জাল ভোট দেওয়ার সময় জরিমানা করা হয়।
বিএনপির মেয়র পদপ্রার্থী ইনসারুল হককে নির্বাচন সম্পর্কে মন্তব্য করতে বলা হলে তিনি কিছু বলেননি। তবে মহিলা কলেজ কেন্দ্রে ভোট দিয়ে ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘গাংনীতে এবার যেভাবে ভোট হলো, আগে কখনো হয়নি। এই নির্বাচন উদাহরণ হয়ে থাকবে।
গাংনীতে ভোটারসংখ্যা ১৭ হাজার ৫৫৭। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন জানান, বিদ্রোহী প্রার্থী আশরাফুল ইসলাম ৭ হাজার ৩৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আহম্মেদ আলী পেয়েছেন ৫ হাজার ৩৮৮ ভোট। ভোট পড়েছে ৮০ দশমিক ১০ শতাংশ।