চুয়াডাঙ্গা-যশোর পথে সরাসরি বাস চলাচল বন্ধ আট মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের কালীগঞ্জ পরিবহন মালিক সমিতির দ্বন্দ্বের কারণে আট মাস ধরে চুয়াডাঙ্গা-যশোর সড়কে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। সেই থেকে চুয়াডাঙ্গার জেলা সীমানা হাসাদহ বাজার পর্যন্ত উভয় দিকের বাস চলাচল করছে। এতে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।চুয়াডাঙ্গা থেকে যশোরে নিয়মিত যাতায়াতকারী মো. সালাউদ্দিন অভিযোগ করেন, গত ৩ জুন থেকে সরাসরি বাস চলাচল বন্ধ হওয়ায় সময়সূচি চরম বিপর্যয়ে পড়েছে। চালকেরা যেখানে সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠাচ্ছেন-নামাচ্ছেন। মুরগির খাঁচার মতো গাদাগাদি করে যাত্রী তুলছেন। গন্তব্যে পৌঁছাতে সময়ও লাগছে প্রায় দ্বিগুণ। প্রশাসনের নীরবতায় ক্ষোভ প্রকাশ করে সাজ্জাদ হোসেন নামের এক যাত্রী বলেন, টানা আট মাস ধরে পরিবহন-মালিকেরা যাত্রীদের জিম্মি করে খেয়ালখুশিমতো গাড়ি চালাচ্ছেন। অথচ প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।চুয়াডাঙ্গা ও কালীগঞ্জ মোটর মালিক সমিতির নেতারা পরস্পরকে দায়ী করে মাসের পর মাস ধরে বাস চলাচল বন্ধ রেখেছেন। কবে চালু হবে, তাও বলতে পারছেন না কেউ।স্থানীয় পরিবহন-মালিকেরা জানান, সরাসরি বাস চলাচলের জন্য কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও তা কাজে আসেনি। গত ৩ অক্টোবর চুয়াডাঙ্গা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে সংগঠনের সভাপতি এ কে এম মঈনুদ্দীনের সভাপতিত্বে যৌথ সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়, পরদিন থেকে বাস চলাচল করবে। সে হিসেবে ৪ অক্টোবর সকালে চুয়াডাঙ্গা থেকে যশোরের উদ্দেশে বাস ছাড়া হয়। কিন্তু কালীগঞ্জ থেকে বাসগুলোকে ফিরিয়ে দেওয়া হয়। এমতাবস্থায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তজা সমাধানের উদ্যোগ নেন। তাঁর অনুরোধে গত ৩ নভেম্বর কালীগঞ্জ মোটর মালিক সমিতির কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি সাংসদ আবদুল মান্নানের সভাপতিত্বে সভা কোনো সমাধান ছাড়াই শেষ হয়।গোলাম মোর্তজা বলেন, ‘সাংসদ মান্নানের একগুঁয়েমির কারণে সমস্যার সমাধান হয়নি। তিনি আমাদের ডাকলেও মানসম্মান রাখেননি।’চুয়াডাঙ্গার পরিবহন-নেতা এ কে এম মঈনুদ্দীন বলেন, কালীগঞ্জের সভাপতির অবাস্তব শর্তের কারণে বাধ্য হয়েই হাসাদহ বাজার পর্যন্ত বাস চালানো হচ্ছে। বিষয়টি প্রশাসনকে লিখিত জানিয়েও কোনো লাভ হয়নি। সাংসদ আবদুল মান্নানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ হোসেন জানান, চুয়াডাঙ্গা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালামের মালিকানাধীন বাস চলাচলের সময়কে কেন্দ্র করে বিরোধ বাধে। তবে পরবর্তী সময়ে ওই সমিতির নেতারা সমাধানে এগিয়ে এলেও কালীগঞ্জের সভাপতির অনাগ্রহে তা হয়নি।জানতে চাইলে চুয়াডাঙ্গার নবাগত জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, বিষয়টি এ পর্যন্ত কেউ তাঁকে জানায়নি। আগামী রোববার অফিস খোলার পর বিস্তারিত খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।