চুয়াডাঙ্গা ও ঝিনাইদহের কালীগঞ্জ পরিবহন মালিক সমিতির দ্বন্দ্বের কারণে ১১ মাস ধরে চুয়াডাঙ্গা-যশোর সড়কপথে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছে যাত্রীরা।চুয়াডাঙ্গা থেকে যশোরগামী যাত্রীদের চুয়াডাঙ্গার হাসাদহ বাজারে নেমে গিয়ে বাস পরিবর্তন করতে হচ্ছে। একইভাবে যশোর থেকে চুয়াডাঙ্গাগামী যাত্রীদের ওই স্থান থেকে বাস পরিবর্তন করতে হচ্ছে। এ কারণে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।চুয়াডাঙ্গা-যশোর সড়কপথের নিয়মিত যাত্রী শাহজাহান আলী জানান, গত বছরের ৩ জুন থেকে সরাসরি বাস চলাচল বন্ধের পর তাঁরা চারম দুর্ভোগের শিকার হচ্ছেন। সরাসরি বাস না থাকায় লোকাল গাড়িতে গন্তব্যে পৌঁছাতে দ্বিগুণের বেশি সময় লাগছে। চুয়াডাঙ্গা থেকে হাসাদহ বাজার পর্যন্ত আগে এক ঘণ্টা সময় লাগলেও এখন দেড় ঘণ্টায়ও পৌঁছানো যাচ্ছে না।পরিবহন মালিকেরা জানান, চুয়াডাঙ্গা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালামের মালিকানাধীন কেজিএন পরিবহনের চলাচলের সময়কে কেন্দ্র করে কালীগঞ্জ মোটর মালিক সমিতির সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এরপর ওই পথে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। পরে মালিক সমিতিগুলো নিজেদের মধ্যে কয়েক দফা বৈঠক করলেও এর সমাধান হয়নি।চুয়াডাঙ্গা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হাসান ইমাম জানান, সমস্যাটি সমাধানের জন্য যশোর পরিবহন মালিক সমিতি ও খুলনা বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহায়তা চাওয়া হয়েছে। জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন বলেন, ওই পথে সরাসরি বাস চলাচল নিয়ে সমস্যার কথা স্থানীয় দুই সাংসদকে জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব জনপ্রতিনিধি, প্রশাসন ও পরিবহনের মালিকদের নিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।